চলন্ত বাস থেকে পড়ে তরুণীর মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২১:৪৯
মিরপুরে চলন্ত বাস থেকে পড়ে হালিমা আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জার্মান টেকনিক্যাল ইন্সটিটিউটের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত হালিমার মামি জুলেখা বেগম জানান, হালিমা আক্তার গুলশান থানা এলাকার বারিধারার ২ নম্বর সড়কের ২০ নম্বর বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। সোমবার ছুটি নিয়ে নর্দায় তাদের বাসায় আসেন। মঙ্গলবার সকালে মিরপুরের এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি বাস থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মিরপুর থানার এক এসআই জানান, চলন্ত বাস থেকে পড়ে ঘটনাস্থলেই হালিমার মৃত্যু হয়েছে। তিনি বলেন, কেউ তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে থাকতে পারে- এমন আশঙ্কা প্রথমে তারা করেছিলেন। পরে বাসের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন এটি আসলেই একটি দুর্ঘটনা। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। হালিমার পিতার নাম মো. জজ মিয়া, গ্রামের বাড়ি নেত্রকোনার কমলাকান্দায়। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।