রাজধানীর শান্তিনগরে ডিবি পুলিশ পরিচয়ে শাওন মিয়া নামের এক কিশোরের কাছ থেকে ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে। তবে সংশ্লিষ্ট থানা পুলিশ এ ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেছে।
প্রসাধন সামগ্রী আমদানিকারক প্রতিষ্ঠান জুহা ইন্টারন্যাশনালের মালিক গোলাম তৌহিদ জানান, শাওন মিয়া তার প্রতিষ্ঠানে কাজ করে। সোমবার রাত ৯টার দিকে সে ৩২ হাজার টাকা নিয়ে শান্তিনগর এলাকা দিয়ে হেঁটে ফিরছিল। এ সময় সাদা পোশাকে থাকা কয়েকজন লোক ডিবি পরিচয়ে তাকে আটক করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এরপর গাড়িটি চলন্ত অবস্থায় ডিবি পরিচয়দানকারীদের একজন বলে, ‘তুই ইয়াবা ব্যবসা করিস। বাঁচতে চাইলে টাকা-পয়সা যা আছে দিয়ে দে।’ কিন্তু শাওন এতে রাজি হয়নি। একপর্যায়ে তার কাছে থাকা টাকা কেড়ে নিয়ে তাকে খিলগাঁও ফ্লাইওভারে নামিয়ে দেয়া হয়। ঘটনাটি কাউকে না বলার জন্য তাকে পরামর্শ দেয় তারা।
জানতে চাইলে পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, এ রকম কোন ঘটনার কথা আমরা জানতে পারিনি। কোন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
