বার্সেলোনার হয়ে কাটিয়েছেন ক্যারিয়ারের দারুন সব সময়। খেলোয়াড় হিসেবে মাঠ মাতানোর পর কোচ হিসেবেও কাতালান ক্লাবটি তাকে এনে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি। তবে আজকের ম্যাচে নিশ্চিতভাবেই তার সমর্থন থাকবে না বার্সেলোনার প্রতি। হোক সেটা কোন প্রদর্শনী ম্যাচ। কারন, লা লিগা চ্যাম্পিয়নরা যে এদিন মুখোমুখি হবে পেপ গার্দিওলার বর্তমান দল বায়ার্ন মিউনিখের! গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এই বার্সেলোনাকে গোলবন্যায় ভাসিয়েই ফাইনালে পৌছেছিল বায়ার্ন। পরে শিরোপাও জেতে তারা। তবে আজকের ম্যাচে হয়তো দুদলের সেই যুদ্ধংদেহী মনোভাব থাকবে না। কিন্তু গার্দিওলার মনে পুরনো সব স্মৃতি ভিড় না করেই পারেনা। চার বছরে যে ক্লাবের হয়ে জিতেছেন ১৪ টি শিরোপা কিভাবে সেই ক্লাবকে এতো সহযে ভুলে যাবেন তিনি? তাছাড়া বার্সা ছাড়ার পরে আজই প্রথম নিজের সাবেক ক্লাবের মুখোমুখি হচ্ছেন তিনি। মিউনিখের বিখ্যাত অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠেয় ম্যাচটি আয়োজিত হচ্ছে বায়ার্নের উদ্যোগেই। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি।
