ব্যাটসম্যানদের উপর চটেছেন বর্ডার

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২২:৩২
অ্যাশেজ সিরিজের প্রথম দু’টেস্টেই ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ফলে সিরিজের দু’টি টেস্টেই হার মেনে নিতে হয় অজিদের। স্বীকৃতদের চাইতে ব্যাটিং অর্ডারের শেষ তিন বোলার ‘ব্যাটসম্যান’ হিসেবে সবচেয়ে বেশি মনোযোগী বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি অ্যালান বোর্ডার। তিনি বলেন, ‘দলের উপরের সারির ব্যাটসম্যানদের বাজে পারফরমেন্সই এখন চিন্তার মূল বিষয়। এটা খুবই হতাশাজনক।’ অস্ট্রেলিয়া নটিংহ্যামে সিরিজ সূচনাকারী টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৮০ রানে অলআউট হয়ে যায়। স্টিভেন স্মিথ, ফিলিপ হিউজ ও অভিষিক্ত অ্যাস্টন অ্যাগার ছাড়া বাকি কোন ব্যাটসম্যানই ‘ব্যাটসম্যান’ হিসেবে নিজেদের নামের সুবিচার করতে পারেননি। ওই টেস্টর দ্বিতীয় ইনিংসে উপরের সারির ব্যাটসম্যানরা রানের দেখা পেলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ফলে মাত্র ১৪ রানে প্রথম টেস্টে হেরে যায় অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে হারের ব্যবধানটা কম থাকায় ব্যাটসম্যানদের ব্যর্থতা খুব বেশি আলোচনায় আসেনি। তবে দ্বিতীয় টেস্টে সফরকারী অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মত। লর্ডসে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২৮ রানে অলআউট হয়ে যাওয়ার পরই হারটা নিশ্চিত হয়ে গিয়েছিল অজিদের। এরপর দ্বিতীয় ইনিংসে ২৩৫ রানে গুটিয়ে গিয়ে ইংল্যান্ডকে ৩৪৭ রানের বড় জয় উপহার দেয় অধিনায়ক মাইকেল ক্লার্কের দল। সাবেক অজি অধিনায়ক বর্ডার তাই প্রথম দু’টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বেশ চটেছেন । তিনি বলেন, ‘দলের উপরের সারির ব্যাটসম্যানদের বাজে পারফরমেন্সই এখন চিন্তার মূল বিষয়। এটা খুবই হতাশাজনক। এমন বাজে ব্যাটিং আগে কখনও দেখা যায়নি অজি দলে। উপরের সারির চাইতে নিচের দিকে শেষ তিন বোলার ব্যাটসম্যান হিসেবে অনেক বেশি মনোযোগী। খুব দায়িত্ব নিয়েই ব্যাট করছে তারা।’ ওপেনার শেন ওয়াটসনের ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলেছেন বর্ডার। দু’টেস্টে তার আউট হবার ধরন দেখে বিস্মিত তিনি, ‘আমরা সবাই জানি খেলোয়াড় হিসেবে দুর্দান্ত ওয়াটসন। একাই ম্যাচ ঘুরিয়ে দেবার সামর্থ্য আছে তার। তবে নটিংহ্যাম ও লর্ডস টেস্টে ওয়াটসনের আউট হবার ধরন দেখে আমি বিস্মিত। পরপর দুই টেস্টে একইভাবে আউট হল সে। এমন আউট নিয়ে তার বা কোচের কোন চিন্তা বা মাথাব্যথা কি নেই? আমি জানি না তার মানসিক বা টেকনিক্যাল কোন সমস্যা হচ্ছে কি-না! তবে দ্রুতই ব্যাট হাতে ভালো কিছু করে দেখাতে হবে ওয়াটসনকে।’ ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টেস্ট। তাই এই টেস্টকে নিয়ে অনেক পরিকল্পনা থাকা উচিত অস্ট্রেলিয়ার। একাদশে পরিবর্তন এনেই অজিদের তৃতীয় টেস্ট খেলতে নামা উচিত বলে মনে করেন বর্ডার, ‘সামগ্রিক পরিস্থিতি মাথায় রেখে একাদশ সাজানো উচিত টিম ম্যানেজমেন্টের। অ্যাস্টন অ্যাগারের পরিবর্তে নাথান লিও এবং স্টিভেন স্মিথের জায়গায় ম্যাথু ওয়েডকে খেলিয়ে দেখতে পারে তারা। এতে ভালো ফল পেতে পারে। অ্যাগারের চাইতে নাথান বেশ পরীক্ষিত খেলোয়াড়। এছাড়া ব্যাটিংয়ে গভীরতা আনতে ওয়েডকে একাদশে আনতে পারে অস্ট্রেলিয়া।’ অস্ট্রেলিয়ার হয়ে ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ১৫৬টি টেস্ট ও ২৭৩টি ওয়ানডে খেলেছেন বর্ডার। ব্যাট হাতে টেস্টে ১১,১৭৪ রান ও ওয়ানডেতে ৬,৫২৪ রান করেছেন তিনি। অপরদিকে বল হাতে টেস্টে ৩৯ ও ওয়ানডেতে ৭৩ উইকেট শিকার করেছেন বর্তমানে ৫৭ বছর বয়সী বর্ডার।-বাসস