আবারো রেনেগেডসে খেলবেন মুরালিধরন

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২২:৩২
মুত্তিয়া মুরালিধরন আবারো অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন। এ জন্য দলটির সাথে পুনরায় চুক্তিভুক্ত হয়েছেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারী শ্রীলংকার এই তারকা স্পিনার। এছাড়াও দলটি তাদের খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার দুই টেস্ট ফাস্ট বোলার পিটার সিডল এবং জেমস প্যাটিনসনের নাম ঘোষণা করেছে। গত মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ৪১ বছর বয়সী মুরালিধরন রেনেগেডসের শীর্ষ বোলার ছিলেন। তার সাথে দলে স্বীকৃত স্পিনার হিসেবে ছিলেন ফাওয়াদ আলম যিনি বর্তমানে অস্ট্রেলিয়ার ‘এ’ দলের হয়ে খেলছেন। কিন্তু টেস্ট ক্যারিয়ারে ৮০০ উইকেট নিয়ে রেকর্ড গড়া মুরালিকে আর তার পুরনো প্রতিদ্বন্দ্বী শেন ওয়ার্নের মুখোমুখি হতে হচ্ছে না। গত সোমবার সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান এবং মেলবোর্ন স্টার্সের তারকা স্পিনার ওয়ার্ন। মুরালিকে আসন্ন মৌসুমে দলে নিতে পেরে উচ্ছ্বসিত রেনেগেডসের প্রধান স্টুয়ার্ট কভেন্ট্রি বলেছেন, ‘মুরালি এখনো ফিট রয়েছেন। গত মৌসুমে ১১ উইকেট দখল করে তিনি আমাদের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। যখন আপনি এমন একজন বোলারকে দলভুক্ত করবেন যে ওভার প্রতি ৬ রান বা তার কম করে দিবে তাহলে ধরেই নিতে হবে দলের প্রয়োজনে সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ অ্যাশেজ টেস্টের পঞ্চম ম্যাচ শেষে সিডলের রেনেগেডসের পক্ষে যোগ দেবার কথা রয়েছে। কিন্তু প্যাটিনসনের ফিটনেস নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইতোমধ্যেই পিঠের ইনজুরির কারণে তিনি অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে পড়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে পুনর্বাসন প্রক্রিয়ার জন্য তাকে অ্যাশেজের মাঝপথেই দেশে ফিরে যেতে হবে। এদিকে সিডল জানিয়েছেন তিনি সংক্ষিপ্ততম ঘরানার ক্রিকেটে ফিরে যেতে চান। সেখানে চার ওভারের মধ্যে নিজেকে দারুণভাবে প্রমাণের একটি সুযোগ থাকে। তাছাড়া এই ধরনের ক্রিকেট দারুণ উপভোগ্যও হয়। বিগ ব্যাশ লিগ শুরু হবে ডিসেম্বরে। বাসস/এএফপি