ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে দিল জাপানের ক্লাব ইয়োকোহামা ম্যারিনোস। দূরপ্রাচ্য সফররত ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এ নিয়ে তিন খেলার মধ্যে দুটিতেই পরাজিত হলো।
স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে কোচ ডেভিড ময়েস প্রাক মৌসুম সফরের অংশ হিসেবে এশিয়া সফরে এলেও সুবিধা করতে পারছেন না। এর সাথে যোগ হয়েছে বার্সেলোনা থেকে সেসক ফেব্রেগাসকে দলে ভেড়ানোর চেষ্টায় নাকাল হওয়া।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খেলাটিতে মাকুইনহোসের ২৭ সেকেন্ডে দেয়া গোলে পিছিয়ে পড়ার পর জেসে লিনগার্ডের লক্ষ্যভেদ এবং বিপক্ষের আত্মঘাতী গোলে বিরতির সময় ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ময়েসের দল। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ফ্যাবিও অ্যাগুইয়ার সমতা ফেরান জাপানি ক্লাবটির হয়ে। শুধু তাই নয় শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে বদলি খেলোয়াড় ইয়োশিহিতো ফুজিতার গোলে তাক লাগানো জয়টি পায় ম্যারিনোস।
