অ্যাশেজ থেকে ছিটকে গেলেন প্যাটিনসন

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২২:৩৪
অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেমস প্যাটিনসন পিঠের ইনজুরির কারণে চলমান অ্যাশেজ সিরিজে অবশিষ্ট টেস্টগুলোয় আর খেলতে পারবেন না। লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের পরই ২৩ বছরের খেলোয়াড়টি পিঠে সমস্যার কথা জানিয়েছিলেন। প্যাটিনসনের ব্যাপারে অস্ট্রেলিয়া দলের ডাক্তার পিটার বার্কার বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সে এই টেস্ট সিরিজে আর অংশ নিতে পারবে না।’ সফরকারী দল জানিয়েছে তারা তাত্ক্ষণিকভাবে তার বদলি হিসেবে কাউকে আনতে যাচ্ছেন না। এর মানে হলো মিচেল স্টার্ক ডাক পেতে যাচ্ছেন। স্টার্ক লর্ডসে ৩৪৭ রানে হারা দলটিতে ছিলেন না। ইংল্যান্ড টেস্টটি জিতে চলতি অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ১ আগস্ট শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টটি। স্টার্ক ছাড়াও পিটার সিডল এবং রায়ান হ্যারিসের স্থানে জেমস ফলকনার এবং জ্যাকসন বার্ড প্রস্তুত আছেন। প্যাটিনসন দুই টেস্টে সাত উইকেট নিয়েছিলেন ৩০৭ রান দিয়ে। নাটকীয় প্রথম টেস্টে অপরাজিত ২৫ রানের এক ইনিংস খেলে প্যাটিনসন তো দলকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের কারণে ট্রেন্ড ব্রিজের টেস্টটিতে জেতা হয়নি অস্ট্রেলিয়ার। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেছেন, ‘আমরা প্যাটিনসনের জন্য সত্যিই খুব হতাশ। নির্বাচকদের হাতে এখন পাঁচজন বোলার ফিট আছে এবং তারা ইংল্যান্ডে পারফর্ম করতে প্রস্তুত। এ কারণেই নির্বাচকদের দল নির্বাচনে কোন অসুবিধা হবার কথা নয়।’ বাসস/এএফপি