নাট্য সংগঠন বিবর্তন যশোর আন্তর্জাতিক বাংলা নাট্যোত্সবে অংশ নিতে গত ২৩ জুলাই কলকাতা গেছে। প্রাচ্য কলকাতা আয়োজিত ১০ দিনব্যাপী নাট্যোত্সবের সমাপনী দিন ২৪ জুলাই বিবর্তন যশোর মঞ্চস্থ করবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘বিসর্জন’। নাটকটি নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ভট্টাচার্য পলাশ। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—সানোয়ার আলম দুলু, আমেনা খাতুন, জাহিদুল ইসলাম যাদু, শেখ জাহিদ, তানজিলা আক্তার জিনি, আতিকুজ্জামান রনি, মানস বিশ্বাস, এনামুল কবীর, সুমন ব্যানার্জী, হাফিজুর রহমান, আশিকুল ইসলাম, পলাশ তরফদার, কামরুল হাসান রিপন, নুরুজ্জামান আকাশ প্রমুখ।
নির্দেশক দেবাশীষ ভট্টাচার্য পলাশ জানান, কী কারণে আজকে বিশ্বমানবতার সংকট? কেন সর্বগ্রাসী স্বার্থান্ধতা, হিংসা, লোভ, মিথ্যা আর ক্রোধ বিস্তার? এ রকম অনেক প্রশ্ন খোঁজার প্রয়াস হচ্ছে নাটক ‘বিসর্জন’।
বিবর্তনের সভাপতি সানোয়ার আলম খান দুলু জানান, কলকাতার বেলঘড়িয়া নজরুল মঞ্চে এ নাটক মঞ্চস্থ হবে। বিবর্তন ছাড়াও এ উত্সবে চট্টগ্রামের তীর্যক ও ঢাকার দৃষ্টিপাত নাট্য সংসদ অংশগ্রহণ করছে। তিনি আরও জানান, সমাপনী দিনে উপস্থিত থাকবেন বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম।
উল্লেখ্য, বিবর্তন কলকাতা, বহরমপুর, নদীয়া, মুর্শিদাবাদসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বহুবার আন্তর্জাতিক নাট্য উত্সবে অংশ নিয়ে সফলভাবে নাটক মঞ্চস্থ করে।
