পাঁচ প্রশ্ন : শম্পা

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ১৯:৫৮
কেমন যাচ্ছে এই সময়টা? আমি বরাবরই ভালো থাকি। সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়া মানুষের ধর্ম, তাই আমিও সময়টাকে পজেটিভ ভাবে নেওয়ারই চেষ্টা করি। সময়ই মানুষকে বলে দেয়, পথিক পথ ওদিকে নয়, পথ এদিকে। সুতরাং যে অবস্থায়ই হোক বা যে কারণেই হোক নিজেকে মানিয়ে নেওয়াই সবচেয়ে বড় ব্যাপার। নিজের যে দোষগুলো পাল্টাতে চান। আমি বরাবরই একটু ভীতু কাজের ক্ষেত্রে বলেন আর ব্যক্তিগত বিষয়ে বলেন। যেকোনো সিদ্ধান্ত নিতে আমার অনেক ভাবতে হয়। কেননা আমি হারতে পছন্দ করি না, আর এই হারটা যদি আমার ভুল সিদ্ধান্তের কারণে হয় তাহলে সেটা হবে আমার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক। সে জন্য আমি সব সময়ই চেষ্টা করি সঠিক সিদ্ধান্ত নিতে। আরেকটি হচ্ছে অল্পতে কেঁদে ফেলি। কোন ধরনের কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? বিজ্ঞাপনের কাজ আমার জন্য অনেক বেশি স্বাচ্ছন্দ্যদায়ক। আর নাটকের ক্ষেত্রে বলব, বর্তমানে আমাদের স্ক্রিপ্টের মধ্যে অনেক বৈচিত্র্য এসেছে। এখন আর নির্দিষ্ট প্রেম-ভালোবাসার মধ্যে আমাদের নাটক আটকে নেই। দৈনন্দিনের নানা ধরনের ঘটনাগুলোই উঠে আসছে আমাদের নাটকগুলোয়, সেক্ষেত্রে আমাদের নাটকগুলোও অনেক বেশি জীবনঘনিষ্ঠ। আমি সবসময়ই ধারাবাহিক নাটক থেকে একঘণ্টার নাটকে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নাটকের পরিসমাপ্তি ঘটে, তাই আমার মতে অনেক অভিনয়শিল্পীরই একঘণ্টার নাটকগুলো পছন্দ। অন্যদিকে ধারাবাহিক নাটকেরও কিছু কিছু ভালো দিক রয়েছে। দীর্ঘ সময় কাজ করার জন্য চরিত্রকে উল্টে-পাল্টে দেখা যায় এবং অনেক ক্ষেত্রেই অভিনয়টা ভালো হয়। নাটকের মাঝে অতিরিক্ত বিজ্ঞাপন দেখানো সম্বন্ধে আপনার মতামত। এ ক্ষেত্রে মূলত আমাদের খুব বেশি বলার কিছু নেই। কেননা বাস্তব অবস্থা মেনে নেওয়া সবচেয়ে বড় ব্যাপার। বিজ্ঞাপনী সংস্থার উপর আমরা অনেকাংশেই নির্ভর করি। তবে কর্তৃপক্ষেরও দর্শকের আগ্রহের বিষয়টি বিবেচনা করা উচিত। আপনার নাগরিক আনন্দ-বেদনা কতটুকু? মজার ব্যাপার হলো, নাগরিক আনন্দ খুঁজে নিতে হয়, তবে নাগরিক বেদনা খুঁজে নেওয়া লাগে না, তা স্বাভাবিকভাবেই চলে আসে। দেশের নাগরিক হিসেবে অবশ্যই দেশের কাছে আমার কৃতজ্ঞতা ও দায়বদ্ধতা আছে। নানা প্রতিকূলতার মাঝেও আমাদের দেশ কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে। কারও জন্য অপেক্ষা না করে নিজেরা নিজেদের দায়িত্ব যদি সত্ ও সঠিকভাবে পালন করি তাহলে সমাজে কোনো সমস্যাই থাকবে না।