এক্সোটিক প্রিয়াঙ্কা

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২০:০০
শান্ত সাগর তটে পানির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সাঁতারের সংক্ষিপ্ত পোশাক পরা অপূর্ব সুন্দরী এক তরুণী। বুক সমান পানিতে শরীর ডুবিয়ে মুগ্ধ আবেদনময় দৃষ্টি ছড়িয়ে দিলেন চারদিকে। একসময়ে ক্যামেরা ক্লোজ হলে দেখা গেল, মেয়েটি আর কেউ নন, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তারপর আন্দোলিত সুরের তালে তালে গাইতে শুরু করলেন তিনি—‘কুল মি ডাউন, আই অ্যাম, ফিলিং সো এক্সোটিক ইন রাইট নাউ, আই অ্যাম হটার দ্যান দ্য ট্রপিক্স।’ সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রিয়াঙ্কার নতুন মিউজিক ভিডিও ‘এক্সোটিক’। যার শুটিং হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাউথ বিচে। এই মিউজিক ভিডিওতে প্রিয়াঙ্কার সঙ্গে আরও আছেন বিশ্ববিখ্যাত আমেরিকান র্যাপার পিটবুল। ‘এক্সোটিক’ গানটি গাওয়ার পাশাপাশি তাতে সুরও দিয়েছেন প্রিয়াঙ্কা। বলা বাহুল্য গানটি তারই লেখা। ইংরেজি হিন্দির মিশ্রণে গানটি দর্শক-শ্রোতাদের কাছে দারুণ আকর্ষণীয় ও উপভোগ্য হয়ে উঠেছে। আমেরিকান জনপ্রিয় র্যাপ তারকা পিটবুলের সঙ্গে অদ্ভুত মোহনীয় ভঙ্গিতে পারফর্ম করেছেন পিসি। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশের আগে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের দিনগুলো থেকেই প্রিয়াঙ্কা গুনগুন করতেন। তার চমত্কার গানের গলা দেখে বাবা ডা. অশোক চোপড়া মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তখন প্রিয়াঙ্কার গান শুনে উচ্ছ্বসিত হয়ে তার বাবা বলেছিলেন ‘অ্যান ইনক্রেডিবল সিঙ্গার’, অর্থাত্ একজন অবিশ্বাস্য ভালো গায়িকা। বাবা অশোক চোপড়া সব সময়ে প্রিয়াঙ্কাকে গানের ব্যাপারে অনুপ্রাণিত করেছেন। মেয়েকে গাইতে নানাভাবে সহযোগিতা করেছেন। অভিনয়ের তুমুল ব্যস্ততার মাঝেও তাই গানকে ত্যাগ করতে পারেননি এই বলিউড সুপারস্টার। এখনও সুযোগ পেলে মাঝেমধ্যে সিনেমার গানে টুকটাক গলা দেন পিসি। গত বছরের সেরা ব্যবসা সফল ছবি ‘বরফি’তে একটি গানে তার কণ্ঠ শোনা গেছে। বলিউডে প্লেব্যাকিংয়ের চেয়ে আন্তর্জাতিক অঙ্গনে গায়িকা হিসেবে নিজের পরিচিতি ও জনপ্রিয়তার বিস্তৃতি ঘটাতে প্রিয়াঙ্কা প্রথম থেকেই সচেষ্ট ছিলেন। তার প্রথম আন্তর্জাতিক সিঙ্গেল ‘ইন মাই সিটি’ ২০১২-এর সেপ্টেম্বরে বের হয়েছিল। একজন সাধারণ ছোট্ট মফস্বল শহরের মেয়ে কিভাবে নানা চড়াই উত্রাই পেরিয়ে সেলিব্রেটিতে পরিণত হয় সেই গল্পে অনুপ্রাণিত হয়ে ‘ইন মাই সিটি’ গানটি তৈরি করেছিলেন প্রিয়াঙ্কা। যা ইন্টারন্যাশনাল ডেব্যু অ্যাওয়ার্ড, পিপলস চয়েজ অ্যাওয়ার্ড প্রভৃতি পুরস্কার লাভ করে। এ ছাড়া সেরা শিল্পী, সেরা গান, সেরা ভিডিও ক্যাটাগরিতে ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ড লাভ করে ‘ইন মাই সিটি’। প্রথম ইন্টারন্যাশনাল মিউজিক ভিডিওর বিরাট সাফল্যে অনুপ্রাণিত হয়ে প্রিয়াঙ্কা তার দ্বিতীয় ভিডিও ‘এক্সোটিক’ নিয়ে উপস্থিত হয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে টপ চার্টে বেশ ভালো অবস্থানে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ‘এক্সোটিক’। এখন সবার মুখে মুখে তার লেটেস্ট মিউজিক সেনসেশন নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে। গত ১৮ জুলাই ছিল পিসির জন্মদিন। একত্রিশে সদ্য পা রেখেছেন তিনি। মাত্র কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন প্রিয়াঙ্কা। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে তার বাবা ডা. অশোক চোপড়া মৃত্যুবরণ করেছেন। বাবার ভীষণ আদুরে মেয়ে ছিলেন প্রিয়াঙ্কা। তাই তো নিজের শরীরে ট্যাটু এঁকে লিখেছেন ‘ড্যাডিস লিটল গার্ল’। বাবার চিকিত্সার জন্য যথাসাধ্য করেছেন তিনি। কিন্তু তারপরেও প্রিয়াঙ্কা বাবাকে ধরে রাখা সম্ভব হয়নি। বাবাকে হারিয়ে শোকার্ত হলেও ভেঙে পড়েননি তিনি। আবার অভিনীত নির্মাণাধীন ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমানে তার হাতে রয়েছে বেশ অনেকগুলো হিন্দি সিনেমা। এ ছাড়াও হলিউডের ওয়াল্ট ডিজনির থ্রিডি অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার স্পোর্টস কমেডি ফিল্ম ‘প্লেনস’-এ প্রিয়াঙ্কা কাজ করেছেন। প্রিয়াঙ্কা অভিনীত ‘জানিজর’ ও ‘কৃষ থ্রি’ মুক্তি পাবে চলতি বছরেই। সত্তর দশকের সাড়া জাগানো সামাজিক অ্যাকশন ছবি ‘জানিজর’-এর রিমেকে তাকে দেখা যাবে প্রধান নারী চরিত্রে। মূল ছবিতে এ চরিত্রে অভিনয় করেছিলেন জয়া ভাদুড়ি। ‘জানিজর’ রিমেকে নিজেকে নানাভাবে চমকে পরিপূর্ণ করে উপস্থাপন করবেন প্রিয়াঙ্কা। অনেকটা চ্যালেঞ্জিং মনোভাব নিয়ে এ ছবিতে কাজ করেছেন তিনি। দক্ষিণী অভিনেতা রামচরণ তেজার বিপরীতে তার প্রেমিকা মালা চরিত্রে দেখা যাবে তাকে এ ছবিতে। নানা রূপে তাকে দেখা যাবে এ চরিত্রে। যা দর্শকদের আলোড়িত করবে সন্দেহ নেই ওদিকে সুপার হিরো মুভি ‘কৃষ থ্রি’তে আবারও ঋত্বিক রোশনের বিপরীতে নায়িকা হয়ে আসছেন পিসি। এবারও নিজেকে যথেষ্ট গ্ল্যামারাস ও প্রাণবন্তু তরুণীরূপে তুলে ধরবেন তিনি এ ছবিতে। ইয়াশরাজ ফিল্মসের ছবি ‘গুন্ডে’র শুটিং করছেন প্রিয়াঙ্কা বর্তমানে। কলকাতার পটভূমিকায় নির্মাণাধীন এ ছবিতে তাকে এক বাঙালি তরুণীরূপে দেখা যাবে। শাড়ি-ব্লাউজ পরা প্রিয়াঙ্কার বাঙালি তরুণীরূপ দর্শককে আকৃষ্ট করবে সন্দেহ নেই। এ ছবিতে অপেক্ষকৃত জুনিয়র দুই অভিনেতা রণবীর সিং ও অর্জুন কাপুরের বিপরীতে অভিনয় করছেন তিনি। আগামী বছর তার অভিনীত ‘গুন্ডে’ ছবিটি মুক্তি পাবে। তবে প্রিয়াঙ্কার ক্যারিয়ারে এখন সবচাইতে চ্যালেঞ্জিং সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে ভারতের মেরি কমের বাস্তবজীবনীভিত্তিক সিনেমাটি। সঞ্জয়লীলা বানসালি প্রযোজিত নির্মাণাধীন এ ছবিতে মেরি কম চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলাটা এখন প্রিয়াঙ্কার জন্য দুর্দান্ত চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ছবিটির শুটিং শুরুর আগে নিজেকে অভিনীত চরিত্রটির মতো গড়ে তুলতে সিরিয়াসলি চেষ্টা করে যাচ্ছেন বলিউডের এই শীর্ষ জনপ্রিয় অভিনেতা। এ জন্য ট্রেনারের কাছে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। শরীরটাকে বক্সারের মতো পেশিবহুল করে তুলতে দ্বিধা করছেন না। কিছুদিন আগে প্রিয়াঙ্কা গিয়েছিলেন বক্সার নারী মেরি কমের বাড়ি মণিপুরের ইমপলে। ওখানে দু’দিন ছিলেন। মেরি কমের বাসায় তার সঙ্গে একান্ত সময় কাটিয়েছেন প্রিয়াঙ্কা। তার সঙ্গে খেয়েছেন, তার অ্যালবাম ঘেঁটেছেন, পরিবারের সবার সঙ্গে কথা বলে মেরি কমের চরিত্রের নানা দিক জানার চেষ্টা করেছেন। যা দেখে স্বয়ং মেরি কম অভিভূত হয়েছেন। প্রিয়াঙ্কার ধৈর্য, অধ্যবসায়, অভিনীত চরিত্রের সাথে মিশে যাওয়ার আপ্রাণ চেষ্টা-গবেষণা ইত্যাদি তাকে অবাক করেছে। এর আগে ‘ফ্যাশন’, ‘এতরাজ’, ‘সাতখুন মাফ’, ‘বরফি’, ‘কামিনে’ প্রভৃতি ছবিতে একজন সুঅভিনেত্রী রূপে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন পিসি। দিনে দিনে তার অভিজ্ঞতা বেড়েছে। আরও ভালো কিছু করার মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ভেতর থেকে প্রচণ্ড তাগিদ অনুভব করছেন। যার ফলে প্রিয়াঙ্কা চেপাড়া মেরি কম চরিত্রটি যথাযথভাবে রূপায়নের জন্য নিজেকে প্রস্তুত করছেন। হয়তো এ ছবিটি তাকে বলিউডের অঙ্গন ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভিন্নভাবে পরিচিত করবে। মেরি কমের জীবনীভিত্তিক ছবিটিতে পিসি রুপালি পর্দায় উপস্থিত হবেন সম্পূর্ণ নন গ্ল্যামারাস লুকে। স্রেফ একজন নারী বক্সার হয়েই রুপালি পর্দায় অন্যরকম চমক সৃষ্টির যাবতীয় চেষ্টা করবেন তিনি। ২০০২ থেকে ২০১৩। প্রায় এক যুগের পথ চলায় মিস ওয়ার্ল্ডের শিরোপা জয়ী সুন্দরী প্রিয়াঙ্কা ‘আন্দাজ’ ছবিটি দিয়ে বলিউডে যাত্রা শুরু করে আজকের পর্যায়ে পৌঁছেছেন। ‘বরফি’ ছবিতে প্রতিবন্ধী তরুণী ঝিলমিল চরিত্রে তার জটিল চ্যালেঞ্জিং পারফর্মেন্স দীর্ঘদিন ধরে দর্শকদের আবিষ্ট করে রাখবে সন্দেহ নেই। আবার পাশাপাশি ‘শুট আউট অ্যাট ওয়াডালা’র বদমাশ বাবলি সেজে আইটেম নাচে ঝড় তুলেছেন তিনি। হালে প্রিয়াঙ্কার মিউজিক ভিডিও ‘এক্সোটিক’ দুনিয়াজুড়ে যে আলোড়ন সৃষ্টি করেছে গায়িকা হিসেবে ওয়ার্ল্ড মিউজিকে তার ভবিষ্যত্ সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। আগামী কিছুদিনের মধ্যে আরেকটি নতুন ইন্টারন্যাশনাল মিউজিক ভিডিও নিয়ে আসার পরিকল্পনা নিয়েছেন পিসি, কারণ অভিনয়ের চেয়ে গানটা তাকে অনেক বেশি টানে—এ কথা অনেকবার বলেছেনও। বলিউডের সমসাময়িক অন্যান্য সেরা জনপ্রিয় অভিনেত্রীদের চেয়ে এ ক্ষেত্রে প্রিয়াঙ্কা চোপড়া এগিয়ে রয়েছেন নিঃসন্দেহে।