‘সংস্কার :ধারোহার আপনোন কী’ সিরিয়ালের গল্প গুজরাটের এক যৌথ পরিবারকে নিয়ে। কেশবগড় শহরে পরিবারটির বসবাস। এই সিরিয়ালে গুজরাটের পারিবারিক ঐতিহ্য, সংস্কৃতি, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা তাদের প্রাত্যহিক জীবনযাপন, খাওয়াদাওয়া, চালচলন ইত্যাদি বিষয় চমত্কারভাবে উঠে এসেছে। এই বৈষ্ণব পরিবারেরই সন্তান জয় কিষান বৈষ্ণব। সুশিক্ষিত, আধুনিক চিন্তাচেতনার ধারক স্মার্ট যুবক জয় কিষানকে জীবিকার টানে দেশের সবাইকে রেখে বিদেশে পাড়ি জমাতে হয়। প্রবাস জীবনে তার সংগ্রাম, পরিবারের প্রতি আনুগত্য, টান ইত্যাদি বিষয়গুলো বিভিন্ন ঘটনার মাধ্যমে ফুটে উঠেছে ‘সংস্কার’ সিরিয়ালে। প্রবাসে থাকলেও জয় কিষান নানাভাবে নিজের পরিবারের নানা বিষয়ের সঙ্গে জড়িয়ে থাকে। পরিবারেরর সবাই তাকে পাশে না দেখলেও প্রতি মুহূর্তে তার উপস্থিতি অনুভব করে। দেশে না থাকলেও পরিবারের খুব কাছাকাছি রয়ে যায় সে। প্রবাসে বিজাতীয় সাংস্কৃতিক পরিবেশের মধ্যে থাকলেও জয় কিষান তার নিজস্ব পারিবারিক মূল্যবোধ, ঐতিহ্য ধারা, সংস্কৃতি সবই পালন করে যায়। যে স্বপ্ন ও প্রত্যাশা পূরণের জন্য তার বিদেশে যাওয়া দুর্ভাগ্যক্রমে তা পূরণ হয় না। তারপরেও জয় কিষান ভেঙে পড়ে না। প্রবাসেই তার সঙ্গে দেখা হয়ে যায় আরেকটি গুজরাটি পরিবারের। একদিন মন্দিরে সেই পরিবারের কর্ত্রী উর্মিলা প্যাটেলের সঙ্গে জয় কিষানের আলাপ-পরিচয় হয়। সেই সূত্রে প্রবাসে স্বদেশি পরিবারটির সঙ্গে ক্রমেই ঘনিষ্ঠ হয়ে পড়ে জয় কিষান। দেশে তার পরিবার একটি দুর্ঘটনায় মহাসংকটে পড়ে। যে কারণে অনেকটা বাধ্য হয়ে আপস করে একটি চাকরিতে যোগ দেয় সে। নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে প্রবাস জীবন কাটতে থাকে জয় কিষানের। উর্মিলা প্যাটেলের নাতনি ভূমি তাকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে। এভাবে জয় কিষান ভূমির অনেক কাছাকাছি চলে আসে। একসময় তারা দু’জন পরস্পরের প্রতি আকৃষ্ট হয়। তাদের ভালোবাসা দিনে দিনে গাঢ় হতে থাকে। উর্মিলা প্যাটেল চান তার নাতনির সাথে একজন ভারতীয় ছেলের বিয়ে হোক। তিনি জয় কিষানের সঙ্গে ভূমির প্রণয়ের কথা জানতে পারেন। অথচ ভূমির মা কিষানের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে রাজি নন। তার ইচ্ছে অন্য এক পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দেন। অনেক প্রতিকূলতার মধ্যে একসময় জয় কিষান ভূমিকে বিয়ে করে দাম্পত্যজীবন শুরু করে। কিন্তু বিয়ের পর তাদের উভয়ের জীবনে নতুন সমস্যা এসে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। এভাবে অনেক নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে ‘সংস্কার’ সিরিয়ালের গল্প এগিয়ে চলেছে। জয় কিষান চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার প্রিয় তরুণ মুখ জয় সোনি। দর্শক এর আগে তাকে স্টার প্লাস চ্যানেলের ‘শ্বশুরাল গেন্দাফুল’-এ ইশান চরিত্রে দেখা গেছে তাকে। ইশান হিসেবে দর্শকদের মন জয় করার পর ‘সংস্কার’ সিরিয়ালে জয় কিষান চরিত্রে চমত্কার অভিনয়ের মাধ্যমে আবারও সাড়া জাগিয়েছেন তিনি। ভূমি চরিত্রে রূপদান করছেন শামিন মান্নান। ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে অভিনয়ে আসা সুন্দরী এই তন্বী অভিনেত্রী এর আগে ‘বান্নো ম্যায় তেরি দুলহান’ সিরিয়ালে অদিতি চরিত্রে অভিনয় করেছেন। ‘সন্তান’ সিরিয়ালে তাকে দেখা গেছে। এবার ‘সংস্কার’ সিরিয়ালে প্রধান নায়িকার চরিত্র রূপায়নে তাকে আরও অনেক বেশি আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী মনে হচ্ছে। এই সিরিয়ালে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন স্বপ্না জোশি, সুজাতা সংঘমিত্র, সুপ্রিয়া কুমারী, অরুণা ইরানী, ডেইজি ইরানি প্রমুখ। কালারাস টিভি চ্যানেলে সপ্তাহের প্রতি সোম থেকে শুক্রবার রাত সাড়ে নয়টায় ‘সংস্কার :ধারোহার আপনোন কী’ সিরিয়ালটি দেখানো হয়।
