টানা দরপতনের পর শেয়ারবাজারের সূচক ঊর্ধ্বমূখী

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:০১
টানা পাঁচ কর্মদিবস ধরে শেয়ারবাজারে বড় দর পতনের পর গতকাল বুধবার শেয়ারবাজারের সূচক ফের ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। তবে সূচক বাড়লেও লেনদেনে অগ্রগতি হয়নি। বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে ওঠানামা থাকবে। তবে লেনদেন কমে যাওয়া ইতিবাচক নয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ার কারণে লেনদেন কমে থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ১৮৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২৫২ টির, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, পাঁচদিনে ডিএসই’র সূচক প্রায় সাড়ে ৫শ’ পয়েন্ট কমে যাওয়ার পর গতকাল বাজারে যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে এটি স্বাভাবিক গতি। মিউচুয়াল ফান্ড সংক্রান্ত নতুন সংশোধনীর কারণে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে। তাছাড়া এ খাতের প্রায় সব ফান্ডের দর বেড়েছে। বাজারে লেনদেন হওয়া ২৮৩ টি কোম্পানির মধ্যে ১২০টি কোম্পানির শেয়ারের দর প্রায় ৫ শতাংশ বেড়েছে। তবে ডিএসই-৩০ সূচকের অন্তর্ভূক্ত কোম্পানিগুলোর দর বৃদ্ধিও বাজারের সূচক বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।