ইসলামপুরে ভবন না থাকায় খোলা মাঠে চলছে পড়ালেখা

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪২
ইসলামপুর উপজেলার কাছিমারচর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহারযোগ্য ভবন না থাকায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থী খোলা খোলা মাঠে মাটিতে বসে পড়ালেখা করে আসছে। ফলে ভরা বর্ষায় ওইসব শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে মারাত্মক বিঘ্ন ঘটছে। জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর কান্দা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৬ সালে প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে ১৯৯০ সালে একটি টিনসেড ভবন নির্মিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই ভালো ফলাফল করে আসছে। ওই ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফলাফলের দিক থেকে বিদ্যালয়টি প্রতি বত্সর সেরা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। পিএসসি পরীক্ষায় বিগত চার বছর যাবত্ শতভাগ শিক্ষার্থী পাস করাসহ মেধা তালিকায় বৃত্তিও পেয়েছে একাধিক শিক্ষার্থী। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় সময় প্রধান শিক্ষকের পদটি শূন্য। চার কক্ষ বিশিষ্ট টিনসেড ভবনটি দীর্ঘদিন যাবত্ ঝুঁকিপূর্ণ। শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলা প্রকৌশলী রমজান আলীর নেতৃত্বে সমপ্রতি একটি টিম সরেজমিনে তদন্ত শেষে বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। এর পর থেকেই ওই বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নিচে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মাটিতে বসে পড়ালেখা করছে। এদিকে স্থানীয় এমপিসহ প্রশাসনের অনেকেই স্কুল ভবনটি পরিদর্শন করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছে এই স্কুলের শিক্ষার্থীরা। এ ছাড়াও দশানি নদী থেকে প্রবাহিত একটি খাল কাছিমারচর কান্দাপাড়া গ্রামের ভু-খণ্ডকে দ্বিখণ্ডিত করে রেখেছে। কিন্তু খালের উপর কোন ব্রিজ না থাকায় বর্ষাকালে খাল পাড়া পাড়ে ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।