৩১৭ জনের নামে চার্জশীট

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৪৪
সিলেটের বিশ্বনাথে তিনটি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। সোমবার বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ৩১৭ জনকে অভিযুক্ত করে মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক আবুল কালাম এ অভিযোগপত্র দাখিল করে। মামলা অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.লিলু মিয়াকে প্রধান আসামি করে ৩১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন:উপজেলা বিএনপির সভাপতি ও বিশ্বনাথ (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে ২০১২ সালের ২৩ এপ্রিল বিএনপির ডাকা প্রথম দফা হরতালের দ্বিতীয় দিনে হরতাল সর্মথনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ইলিয়াস সর্মথক মনোয়ার হোসেন, জাকির হোসেন ও সেলিম আহমদ নিহত হন। এঘটনায় তত্কালীন বিশ্বনাথ থানার এস.আই দেব দুলাল বাদী হয়ে ১২০ জনের নাম উল্লে¬খ করে ও আরো তিন-চার হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় একবছর ওই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ।