মঙ্গলবার নরসিংদী রেলস্টেশন থেকে ৯ জন মহিলা ছিনতাইকারীকে আটক করেছে নরসিংদী জিআরপি। কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় নরসিংদী স্টেশনে পৌঁছলে অভিনব কায়দায় উল্লেখিত ছিনতাইকারীরা ২/৩টি ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন বগির দরজায় দাঁড়িয়ে জটলা সৃষ্টি করে বিশেষ করে মহিলা যাত্রীদের গলার চেইন, কানের দুল, হাতের বালা, মোবাইল ফোন, আংটি এবং ভ্যানিটি ব্যাগ প্রভৃতি ছিনিয়ে নিয়ে সু-কৌশলে হাতবদল করে ফেলে এবং দ্রুত একস্থান থেকে অন্যস্থানে চলে যায়। এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঈদ, পূজাসহ অন্য জাতীয় অনুষ্ঠানাদিতে প্রায়ই ঘটে থাকে। ইদানিং ঈদকে সামনে রেখে যাত্রীবাহী ট্রেনগুলোতে ছিনতাইয়ের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় জিআরপি’র টনক নড়ে। মঙ্গলবার নরসিংদী রেলপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজম খানের নেতৃত্বে জিআরপি’র একটি দল মহিলা ছিনতাইকারী দলের অন্যতম সদস্য জ্যোত্স্না আক্তার, রাহেলা আক্তার, মনোয়ারা, রাহেলা খাতুন, মিনারা বেগম, ময়না আক্তার, লাভলি আক্তার, আউলিয়া বেগম ও সেলিনা বেগমকে ছিনতাইয়ের অভিযোগে নরসিংদী স্টেশন থেকে আটক করে। তাদের সকলের বাড়ি হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে ভৈরব রেলওয়ে থানায় প্রেরণ করার পর ভৈরব রেলওয়ে থানা তাদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।
