সাভারে চলতি বছরের ২৪ এপ্রিল ভবন ধসে নিহত আরো ১২৩ জন গার্মেন্টস কর্মীর পরিবারের ১৭৫ জন সদস্য গতকাল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তেজগাঁওস্থ কার্যালয়ে এক অনুষ্ঠানে এ আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সাভারে রানা প্ল¬াজা ধসে ক্ষতিগ্রস্তদের জন্য এ পর্যন্ত ৭ দফায় ১৭ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার টাকা দিয়েছেন। চিকিত্সা ও আর্থিক সহায়তা হিসেবে এ অর্থ দেয়া হয়। এরমধ্যে ৭৭৭ পরিবারকে ১ হাজার ১৬টি চেকের মাধ্যমে ১১ কোটি ৯৭ লাখ ৫০ হাজার এবং অপর ৩০ আহত গার্মেন্টস শ্রমিককে পরিবার সঞ্চয় সার্টিফিকেটের মাধ্যমে ৩ কোটি ৩০ লাখ টাকা দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ২২টি হাসপাতালে চিকিত্সাধীন গার্মেন্ট শ্রমিকদের জন্য ১ কোটি ৪২ লাখ ১৪ হাজার টাকা, অহত উদ্ধারকর্মী কায়কোবাদকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে পাঠাতে ৩৫ লাখ এবং অশনাক্ত শ্রমিকদের ডিএনএ পরীক্ষার জন্য ৫০ লাখ টাকা দিয়েছেন। ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেনন এমপি, তারানা হালিম এমপি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ কর্মকর্তা ও বিজিএমইএ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে আরো ব্যক্তি ও সংগঠন সাভার ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা দিয়েছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ও মন্ত্রণালয়ের সচিব তাদের বেতনের একাংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তাদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেন। এছাড়া বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্টারস এসোসিয়েশনের দুর্যোগ ত্রাণ হিসাব থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হয়।
