খোশ আমদেদ মাহে রমজান

সিয়াম সায়িম বা রোজাদারকে পরিচ্ছন্ন চেতনায় সমৃদ্ধ করে

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ২০:৩৮

আজ ৮ রমজান। রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। সিয়াম সায়িম বা রোজাদারকে পরিচ্ছন্ন চেতনায় সমৃদ্ধ করে। হাদিস শরীফে আছে রমজান মাসে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়। সিয়াম পালনের জন্য নিয়ত করার সঙ্গে সঙ্গে সায়িমের নিকট শয়তান বন্দিদশা লাভ করে। শয়তান মানুষের  প্রকাশ্য দুশমন। সে মানুষকে বিপথে চলতে প্ররোচিত করে কিন্তু সিয়াম পালনরত মানুষের কাছে ঘেঁষাও হতে পারে না।

ইলমে তাসাওউফে নফ্সকে অবস্থা অনুসারে চার শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। আর তা হচ্ছে নফেস আম্মারা, নফেস লাওওয়ামা, নফেস মুত্মাইন্না এবং নফেস মুলহিমা।

নফেস আম্মারা হচ্ছে সেই নফ্স যা খুবই অপবিত্র ও মূর্খ। এই নফ্স ভালো-মন্দ বিচার শক্তি হারিয়ে ফেলে এবং সর্বক্ষণ পাপের মধ্যে নিমজ্জিত থাকে। সে যে পাপ করছে সেজন্য তার মধ্যে আত্মগ্লানি হয় না। নফেস লাওওয়ামা কিছুটা পবিত্র ও ভালো-মন্দ বিচার শক্তিসম্পন্ন হয়। পাপ কর্ম করার পর তার মধ্য আত্মগ্লানির উদ্রেক হয় তখন তা তওবা ইসিতগ্ফার করে কিন্তু এর উপর অটল থাকতে পারে না, আবার পাপ করে, আবার তওবা করে।