তিন প্রতিষ্ঠানকে দশ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৫৩
ঢাকা, মুন্সীগঞ্জ ও গাজীপুরের ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ত্রুটিপূর্ণ ইটিপি পরিচালনা করার দায়ে ওয়াশ পয়েন্ট, ২১৪, তেজগাঁও শি/এ, ঢাকা-১২০৮-কে ৩ লাখ টাকা, কারখানার ইটিপি বন্ধ রেখে বাইপাস দিয়ে তুরাগ নদীতে তরল বর্জ্য ফেলার দায়ে উইন্ডি ওয়েট এন্ড ড্রাই প্রসেস, আব্দুল গফুর রোড, শিলমুল, টঙ্গী, গাজীপুর-কে ৫ লাখ টাকা এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়াই কারখানা পরিচালনা করা ও অবৈধভাবে ব্রহ্মপুত্র নদীর পাড় দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণের দায়ে নূর কোল্ড স্টোরেজ লিঃ, মাকহাটি, মুন্সিগঞ্জ সদর, মুন্সীগঞ্জ-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুল আলমের নেতৃত্বে বনানী কাঁচা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ২ মণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিকরা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।