মংলা বন্দর কর্তৃপক্ষের ব্যবহারের জন্য পূর্ণাঙ্গ ড্রেজিং সুবিধা তৈরির লক্ষ্যে মংলা বন্দর কর্তৃপক্ষের সাথে ভারতের গোয়া ভিত্তিক টিমব্লো ডকইয়ার্ড চুক্তি স্বাক্ষর করেছে। এই নতুন ড্রেজিং প্রকল্পে ওয়েস্টার্ন মেরিন সম্পূর্ণ প্রযুক্তি সুবিধা প্রদান করবে। এই প্রকল্পের মোট ব্যয় হবে ৮.৫ মিলিয়ন ডলার।
এই চুক্তি মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম এইচ ভুঞা (বি এন), টিমব্লো ডক ইয়ার্ডের এক্সিকিউটিভ ডাইরেক্টর সারভেষ প্রমোদ টিমব্লো এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিঃ এর অপারেশন ডাইরেক্টর ক্যাপ্টেন এ বি এম ফজলে রাব্বি। এই প্রকল্পে ১টি ১৮ ইঞ্চি কাটার সাক্শন ড্রেজার, ১টি ১২ টন বিপি টাগ বোট, ১টি ক্রেন বোট, ১টি ক্রু হাউস বোটসহ অন্য সকল প্রকার সরঞ্জাম ও যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে। সম্পূর্ণ প্রকল্পটি ১৮ মাসের মধ্যে মংলা বন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। ভারত সরকার সমপ্রতি বাংলাদেশকে এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে যে ১০০ কোটি ডলার সফট লোন ফিন্যান্স স্কিম অনুমোদন দিয়েছে এই প্রকল্পটি তারই অংশ। -প্রেস বিজ্ঞপ্তি
