জুভেন্তাস কিংবা আর্সেনাল নয়, শেষ পর্যন্ত ন্যাপোলিতে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুইন। স্কাই স্পোর্টসের ভাষ্যমতে, গতকালই রোমে তার প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। তবে ন্যাপোলির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা পেতে অপেক্ষায় থাকতে হবে আগামী শনিবার পর্যন্ত।
ইউরোপীয় ফুটবলের চলতি দলবদলের মৌসুমে শুরু থেকেই শোনা যাচ্ছিল হিগুইনের দল পাল্টানোর গুঞ্জন। সম্ভাব্য ঠিকানা হিসেবে শোনা যাচ্ছিল সিরি এ চ্যাম্পিয়ন জুভেন্তাস এবং ইংলিশ ক্লাব আর্সেনালের নাম। হিগুইনকে পেতে আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার প্রকাশ্যেই জানিয়েছিলেন তার আগ্রহের কথা। তবে মাত্র দিন দুয়েকের নাটকে শেষ পর্যন্ত তাকে ছিনিয়ে নিল ন্যাপোলিই।
আগের মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা এডিনসন কাভানির শূন্যস্থান পূরণে মরিয়া ন্যাপোলিকে সেজন্য অবশ্য গুণতে হচ্ছে তিন কোটি ৭০ লাখ ইউরো। পাশাপাশি আনুষঙ্গিক খরচ হিসেবে থাকছে আরো প্রায় ৩০ লাখ ইউরো। ধারণা করা হচ্ছে সাপ্তাহিক প্রায় এক লাখ চল্লিশ হাজার পাউন্ডে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হবেন হিগুইন।
চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই ক্লাব ঐক্যমতে পৌঁছাতে পারলেও, বাকি রয়ে গেছে প্রচার স্বত্বের মতো ছোটখাট কিছু বিষয়। আর এগুলো নিশ্চিত হয়ে গেলেই ন্যাপোলি জানাবে চুক্তির বিস্তারিত।
