সাফ অনূর্ধ্ব ১৬ ফুটবল

ভারতের বিরুদ্ধে গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াই আজ বাংলাদেশ দলের

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২২:০৬
বাংলাদেশের অনূর্ধ্ব ১৬ দলটি সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিতের পর আজ বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুর আর্মি গ্রাউন্ডে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে। দ্বিতীয়বারের মতো আয়োজিত সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে উভয় দলেরই লক্ষ্য হবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। ভারত গতবারের আসরে ফাইনালে উঠলেও পাকিস্তানের কাছে হেরে রানার্স আপ হয়। অপরদিকে গেলবার চতুর্থ স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বাংলাদেশের ছেলেদের। ২০১১ সালে নেপালে অনুষ্ঠিত আসরটিতে পাকিস্তান ২-০ গোলে খেলাটিতে জিতে পরে চ্যাম্পিয়ন হয়। গ্রুপের অপর দল শ্রীলংকা এরই মধ্যে ভারতের কাছে ৪-১ ও বাংলাদেশের সাথে ৩-১ গোলে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। এখন দেখার বিষয় সমান তিন পয়েন্টে থাকা গ্রুপের দুই দল ভারত ও বাংলাদেশের লড়াইয়ে কে জেতে। উভয় দলই এ খেলাটির আগে শেষ চার নিশ্চিত করে রেখেছে। ২৭ জুলাই প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে গ্রুপ ‘বি’-এর রানার্স আপের। আর ২৮ জুলাই দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে গ্রুপ ‘এ’-এর রানার্স আপের। টুর্নামেন্টের ফাইনাল ৩০ জুলাই । বাংলাদেশের ছেলেদের পারফরম্যান্স দেখে মোটামুটি সন্তুষ্টই রেনে কোস্টার। তবে আজকের ম্যাচ ও সেমিফাইনালে ছেলেরা যেন নিজেদের সেরাটাই উপহার দেয় সেটাই চাইছেন তাদের কোচ। এ প্রসঙ্গে রেনে বলেন,‘ মাত্র দশদিন হয়েছে আমি দলের দায়িত্ব নিয়েছি। তবে গত ম্যাচে ছেলেদের পারফরম্যান্স যথেষ্ট ভালই মনে হয়েছে। তবে পরবর্তী ম্যাচে ভারতের সাথে তাদের পারফরম্যান্সের তাদের আরো উন্নতি হবে আশা করছি।’ ‘আমি একজন ইউরোপিয়ান কোচ তাই শুধু ভালো পারফরমেন্সে আমি খুশি নই ’ আমি চাই সেরা পারফরম্যান্স।’ তিনি যোগ করেন, ‘এই টুর্নামেন্টে স্বাগতিক নেপালকেই ফেবারিট মনে হয়েছে বাংলাদেশের কোচের, তবে সেমিফাইনালে যে কোন দলই ভালো করার ক্ষমতা রাখে বলে বিশ্বাস করেন কোস্টার। কিছু ব্যাপারে আয়োজকদের নজরদারি বাড়ানো উচিত বলে মনে করেন কোস্টার। এদিকে ভারতের কোচ গৌতম ঘোষ ও চান তার দল বাংলাদেশের বিপক্ষে ভালোভাবেই জিতুক। বাংলাদেশ এই প্রথমবারের মতো ভারতের বিপক্ষে খেলতে নামবে। মাঠে যেই থাকুক লড়াই করে খেলতে জানে বাংলার টাইগাররা। গতবার শেষ চারে গিয়ে বাদ পড়তে হয়েছে বাংলাদেশকে। এবার তারা দেশ ছেড়েছে শিরোপা জয়ের লক্ষ্যে; কিন্তু গ্রুপের শেষ ম্যাচটি যে ভারতের সঙ্গে। ম্যাচে জয় পরাজয় হলেও সেমিতে পৌঁছে যাবে উভয় দল। তার পরেও দলটি ভারত বলে কথা। তারা কোন প্রকার ছাড় দিয়ে খেলবে না। কেননা গতবার তাদের ফাইনালে গিয়ে হারতে হয়েছে পাকিস্তানের কাছে। এবার তারা শিরোপার লক্ষ্যেই খেলবে।