লিভারপুল ম্যানেজার ব্রেন্ডন রজার্স জানান দিয়েছেন তার চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার জন্য লড়াই চালাতে প্রস্তুত। বর্তমানে অস্ট্রেলিয়া সফররত অল রেডসদের কোচ গতকাল মেলবোর্ন ভিক্টরির বিরুদ্ধে ২-০ গোলে জয়ের আগে এ মন্তব্য করেন।
ইংলিশ প্রিমিয়ার লিগের এক সময়ের নামি দলটি ২০০৯/১০ মৌসুম থেকে আর ইউরোপের ক্লাব পর্যায়ের সর্বোচ্চ এ আসরটিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সর্বশেষ ওই মৌসুমেও দলটি গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছিল। এরপর থেকে লিভারপুল প্রিমিয়ার লিগে শীর্ষ চারের মধ্যে থাকতে না পারায় চ্যাম্পিয়ন্স লিগেও খেলতে পারছে না। গত চারটি লিগে দলটি সপ্তম, ষষ্ঠ, সপ্তম ও সপ্তম স্থানের উপরে উঠতে পারেনি।
এক বছর আগে ক্যানি ডালগ্লিশের পরিবর্তে লিভারপুল ম্যানেজারের দায়িত্ব নেয়া রজার্স মনে করছেন শীর্ষে চারে পৌঁছানোর লড়াই করার মতো সময়ে পৌঁছে গেছেন তারা। তিনি অস্ট্রেলিয়ায় বসেই ‘দ্য অ্যানফিল্ড র্যাপ’কে বলেন,‘আমরা চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছাতে পারি, কেন না আমাদের কাছে সেই সব খেলোয়াড় আছে যারা সাফল্যের জন্য ক্ষুধার্ত। এরা এমন এক ধরনের খেলোয়াড় যাদের সাফল্যের জন্য ক্ষুধা আছে।’
রজার্স বলেন,‘সঠিক মানের খেলোয়াড় এবং যথাযথ কোচিং মিলিয়ে আমরা লক্ষ্য অর্জন করতে পারি। আমরা সবাই তারকা খেলোয়াড় খুঁজি, কিন্তু আসল বিষয় হচ্ছে আপনাকে সেই সব খেলোয়াড়কে চাইতে হবে যারা তারকা হওয়ার জন্য ক্ষুধার্ত। বর্তমানে আমাদের ক্লাবে আছে সেই রকম পরিস্থিতি, এমন খেলোয়াড় যারা ক্ষুধার্ত।’
তিনি আরো বলেন,‘আমি আশা করি এ বছরটায় আমরা বড় রকমের অভিযান চালাতে পারবো। ইউরোপে খেলাটা এই ক্লাবের একমাত্র আরাধ্য, এর উপরই তো দাঁড়িয়ে আছে এই ক্লাবের ইতিহাস এবং সেটাই লক্ষ্য।’
