পুড়ছে হূদয়, নারীর নিপুণ ছোঁয়ায়
গোপন-শিল্পের কারুকাজ ক্রমাগত
অদৃশ্য চুম্বনে তার ঠোঁট ঝরে পড়ে
গোলাপের রাত্রিগুলো অভ্যন্তরে কাঁদে।
পুড়ছে পৃথিবী, গান পাখির কূজনে
পুড়ছে বৃক্ষের ছায়া-সুন্দর সকাল
আক্রান্ত জীবনে শুধু ব্যক্তিগত ক্ষোভ
কীসের নেশায় মানুষের আয়োজন?
পুড়ছে মননে-স্বপ্নে সমস্ত ইচ্ছের
বারান্দা, রঙিন ছবি, দিগন্তের হাসি
পূর্ণতার কতিপয় দুরন্ত আবেগ
আকুল তুষ্ণার রঙ! পুড়ছে! পুড়ছে!
পুড়ছে শাড়ির ভাঁজ! নারীর যৌবন
তবু শৃঙ্খলে পুড়ছে-নম্রতা পুড়ছে!!
