ফেরার সমস্ত পথ কাঁটাতারে ঘেরা
প্রহরীর লাল চোখ জেগে আছে
চারপাশজুড়ে , যতবার ভাবি ফিরে যাই
পায়ে ভর করে ফিরে আসি নিজস্ব গুহায়
এখানেও মন্দ নয় আলোকের খেলা
স্বকীয় গোধূলি এখানেও আসে নটের ভঙ্গিতে
শরীরী কসরতে মঞ্চস্থ করে দিবসের লাল যবনিকা
প্রেক্ষিতে আকাশ রেখে এখানেও ধীর পায়ে
হেঁটে যায় লৌহনদী, মোহের জানালা ভেঙে
এখানেও আসে কিছুটা আভাস ক্রন্দসীর
তবু ফিরে যেতে চাই শেকড়ে মৃত্তিকা-ঠাসা
লৌকিক বৃক্ষের খুব কাছাকাছি, আলো আর
আঠালো কাদায় মাখামাখি করে
খুঁটে খেতে চাই জাগতিক খড়কুটো...
