এরই মধ্যে বেশ জমে উঠেছে এসএ টিভিতে সম্প্রচার চলতি বিশ্ব নন্দিত রিয়েলিটি শো ‘আইডল’-এর স্বদেশি ভার্সন ‘বাংলাদেশি আইডল’। গেল শুক্রবার নানা চমকের মধ্য দিয়ে শেষ হলো এই প্রতিযোগিতার অডিশন রাউন্ড। আর আজ থেকে শুরু হচ্ছে ৯টি বিভাগ থেকে নির্বাচিত সেরা ১০০ প্রতিভাবান সংগীত প্রতিযোগীকে নিয়ে ‘থিয়েটার রাউন্ড’। এই রাউন্ডের জন্য সেরা ১০০ প্রতিযোগীরা এসে উঠেছেন ঢাকার একটি ৫ তারকা হোটেলে। তিনদিনের এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা মুখোমুখি হচ্ছেন সেরা ২৪-এ উঠার লড়াইয়ে। ‘থিয়েটার রাউন্ডে’ সামিয়া ও হিল্লোলের উপস্থাপনায় বাংলাদেশি আইডলের বিচারক হিসেবে যথারীতি থাকছেন ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহরীন মাহমুদ। উল্লেখ্য, ‘বাংলাদেশি আইডল’ প্রচারিত হচ্ছে এসএ টিভিতে প্রতি শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে। একই পর্ব পুনঃপ্রচার হবে শনিবার দুপুর ৩টা ৩০ মিনিট ও সোমবার রাত ১১টা ৩০ মিনিটে। এ ছাড়াও ‘বাংলাদেশি আইডল’-এর পর্দার পেছনের নানা অজানা গল্প ও তারকাদের ভাবনা নিয়ে তৈরি ‘বাংলাদেশি আইডল এক্সট্রা’ প্রচারিত হচ্ছে প্রতি শনি ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে।
