সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভায় সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রতিশ্রুতি অনুযায়ী নেয়া স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেয়া হয়েছে। গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি অধ্যাপক আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তাগিদ দেয়া হয়। কমিটির সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুস, রাশেদা বেগম হীরা এবং বিএম মোজাম্মেল হক সভায় অংশগ্রহণ করেন।—খবর বাসস
সভায় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক ২০১২-২০১৩ অর্থ বছরে গৃহীত স্বরাষ্ট্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ, মনিটরিং কার্যক্রম জোরদার করার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪০তম ও ৫০তম বৈঠকে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২২তম ও ৪৩তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ এবং এ দুটি মন্ত্রণালয় থেকে নেয়া বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও ৯ম সংসদের প্রথম থেকে সপ্তদশ অধিবেশনে এ মন্ত্রণালয় দুটির জন্য সংসদ ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতির উপর আলোচনাকালে সকল প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি কমিটির সকল সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়। সভায় সুশাসন প্রতিষ্ঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন সকল প্রকল্পের মনিটরিং কার্যক্রম আরো জোরদার করার পাশাপাশি পরিকল্পনা মাফিক নতুন নতুন প্রকল্প গ্রহণ করার এবং গৃহীত প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে সংশি¬ষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় হাসপাতালের সাথে নারীবান্ধব ইউনিট স্থাপন, পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম জনপ্রিয় করতে পদক্ষেপ গ্রহণ এবং উপজেলা হাসপাতালসমূহের অ্যাম্বুলেন্সগুলো চালু রাখার স্বার্থে অতিরিক্ত জ্বালানি তেল বরাদ্দ রাখতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং আইএমইডি’র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
