আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতির রাহুমুক্ত করেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল দুপুরে ‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাফল্যের ৪ বছর’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে আমরা উচ্চ পর্যায়ের দুর্নীতির রাহুমুক্ত করেছি। তবে আমাদের বিরোধী দল তা দেখছে না। তাদের প্রত্যেকের মুখে একই কথা শুনি। তাদের নেত্রীও একই কথা বলেন। তারা সংসদসহ সবখানে বলে থাকেন- এ সরকার লুটপাটের। অর্থমন্ত্রী বলেন, আমাদের বর্তমান বিরোধী দল লুটপাট ছাড়া অন্য কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত নয়, তাই তারা একই কথা বলে।
পূর্ত ভবনের সম্মেলন কক্ষে গৃহায়ণ ও গণপূর্ত সচিব ড. খন্দকার সৈকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। রাজউক চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের দায়িত্বরত সচিব ও প্রকল্প কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগ। তাই যে কেউ দুর্নীতি করলে ধরা পড়ে যাবে। পার পাওয়ার উপায় থাকবে না। আমরা তাদের ক্ষমা করবো না।
