সংশোধিত শ্রম আইন নিয়ে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) নেতিবাচক রিপোর্টে উষ্মা প্রকাশ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেছেন, আইএলও সংশোধনীর বিস্তারিত না জেনে, আমাদের দেশের পরিবেশ-পরিস্থিতি না বুঝে, কোন রকম আলোচনা না করে যে মন্তব্য প্রকাশ করেছে তা বাস্তবতা বিবর্জিত। শ্রম মন্ত্রণালয় আইএলও’র এই প্রতিবেদনের প্রতিবাদ জানাবে। মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি শ্রম আইন সংশোধন বিলে এখনও স্বাক্ষর করেননি, গেজেটও প্রকাশিত হয়নি। ফলে বিলটি এখনও আইনে পরিণত হয়নি। তাই এ আইনের অনুমোদিত কোন ইংরেজি ভার্সন/অনুবাদও প্রকাশিত হয়নি। তা সত্ত্বেও কিছু বিদেশি সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক সংস্থা এ আইনের সংশোধন বিষয়ে বিরূপ মন্তব্য প্রকাশ করছে, যা অনভিপ্রেত।
বৃহস্পতিবার সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ সংশোধন’ বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মোহাম্মদ, বাংলাদেশ এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি ফজলুল হক, বিকেএমইএ নেতা সিরাজুল ইসলাম রনি প্রমুখ।
