আগামী ১ আগষ্ট থেকে ঢাকা-মোহনগঞ্জ রেল পথে হাওর এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন নিয়মিত চলাচল করবে। সেই লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে পরীক্ষামূলক ট্রেনটি নিয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করেন। ট্রেনের খবর পেয়ে শত শত লোক ট্রেন দেখার জন্য ভীড় করে। ইতিমধ্যে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি চলাচল নির্বিঘ্ন করার জন্য রেল লাইনের উপর এবং ২ পাশে অবৈধভাবে গড়ে ওঠা দুই শতাধিক স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) সর্দার শাহদাত হোসেন জানান, আন্তনগর ট্রেনটির নাম রাখা হয়েছিল কংস এক্সপ্রেস। এই নাম পরিবর্তন করে হাওর এক্সপ্রেস চূড়ান্ত করা হয়েছে। আগামী ৩০ জুলাই উদ্বোধন করা হবে। এজন্য মোহনগঞ্জ স্টেশনকে সাজানো হচ্ছে।
