গাংনীতে গৃহবধূ খুন মামলা না করার চাপ

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:০০
পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার সকালে রাজশাহী মেডিক্যালে মারা গেছেন গৃহবধূ মজিরন নেছা (৪৫)। মজিরন উপজেলার করমদী কুমারপাড়ার দিনমজুর হক আলীর স্ত্রী। সূত্র জানায়, শরীকানা জমির পথ নিয়ে গত বৃহস্পতিবার সকালে একই গ্রামের আলেহীম আলীর ছেলে এলাহী বক্স দেশী অস্ত্র (হাসুয়া) দিয়ে উপর্যুপরি কুপিয়ে মজিরন নেছাকে আহত করে। তাকে গাংনী হাসপাতালে ভর্তির পর অবস্থা খারাপ দেখে রাজশাহী মেডিক্যালে নেয়া হয়। নিহতের ছেলে ইয়ারুল ইসলাম ও মেয়ে কল্পনা খাতুন জানান, বাড়ি থেকে বেরোনোর পথ নিয়ে সৃষ্ট বিরোধে এলাহী বক্স মাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এর বিচার চাই। স্থানীয় বিএনপি প্রভাবশালী নেতা ও ইউপি মেম্বার জানান, নিহতের পরিবার অত্যন্ত গরীব। মামলা না করে ৪ শতক জমি পেলে তাদের ভাল হবে। এ ব্যাপারে ঐ নেতা স্থানীয় ক্যাম্পের পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, হত্যাকাণ্ডের ব্যাপারে আমি শুনেছি। এ ব্যাপারে কোন মামলা হয়নি।