নীলফামারীর ডোমার উপজেলায় ছাত্রদল নেতা রাকিব হাসান পাপ্পু হত্যার ৮ দিন পর ৩ আসামিকে লালমনিরহাট থেকে পুলিশ গ্রেফতার করেছে। ফাঁসির দাবিতে বিক্ষোভ, ঘেরাও ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত মঙ্গলবার রাতে ডোমার থানার পুলিশ কামরুজ্জামান সেবু, বৌদ্ধ দেব রায় ও সিরাজুল ইসলাম নাদেরকে আটক করে।
গত ১৭ জুলাই রাতে ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও বিএসএস প্রথমবর্ষের ছাত্র রাকিব হাসান পাপ্পুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কতিপয় দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। তার বন্ধুরা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে ডোমার বাজার রেল ঘুন্টির মোড়ে এলাকাবাসীর উদ্যোগে সকালে মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, ডোমার সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, সোনারা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নূরল ইসলাম, পৌর কাউন্সিলর সহির উদ্দিন সরকার, প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধান, প্রভাষক ময়নুদ্দিন মিল্টন। বক্তরা পাপ্পু হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন।
