পরীক্ষা-নিরীক্ষা না করে ও খাদ্য পরিদর্শকের ছাড়পত্র ছাড়াই সরাইল খাদ্য গুদামে বিবর্ণ দুর্গন্ধযুক্ত চাল মজুদ করা হচ্ছে। সরাইল খাদ্য গুদামের কর্মকর্তা আসাদুজ্জামান ভুঁইয়া উপজেলা প্রশাসনকে ফাঁকি দিয়ে খাবার অনুপযোগী ১৪০১ বস্তা চাল গুদামজাত করেছে। মোটা অংকের উেকাচের বিনিময়ে বিবর্ণ দুর্গন্ধযুক্ত চাল গ্রহণ অব্যাহত রয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, খাদ্য কর্মকর্তা সরাইলে আসে না। এ বছরের সকল চালই খাদ্য পরিদর্শকের ছাড়পত্রবিহীন। জেলা খাদ্য পরিদর্শক মোঃ সামিউল আলিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা খাদ্য ক্রয় কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, দীর্ঘদিন ধরে খাদ্য গুদামের অনিয়মের কথা শুনেছি। গত বুধবার সরেজমিনে গিয়ে বিবর্ণ দুর্গন্ধযুক্ত ১৪০১ বস্তা আতপ চাল জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
