শ্রীলংকা দলের ধারাবাহিকতা চান কোচ ফোর্ড

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:১৬
মাঝে মাঝেই শ্রীলংকা দলের মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাবটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে এবং দলটির প্রধান কোচ গ্রাহাম ফোর্ডের বিশ্বাস একটি সফল ওয়ানডে দলে পরিণত হতে হলে এই একটি ক্ষেত্রে তাদের উন্নতি করতে হবে। ফোর্ড বলেন, ‘আমাদের কিছু ভাল মুহূর্ত আছে এবং প্রকৃত অর্থেই কিছু ভাল দলকে আমরা পরাজিত করেছি। কিন্তু আমরা যথেষ্ট ধারাবাহিক নই।’ ‘কখনো কখনো আমরা যেমন চাই সেভাবে ম্যাচ শেষ করতে পারি না। এই পর্যায়ে খেলোয়াড়রা আরো বেশি সময় পেলে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে সেটা হবে। কিছু কিছু বিষয়ে আমরা মাত্র কাজ শুরু করেছি।’ তিলকরত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারার মত সিনিয়র খেলোয়াড়দের স্থানে যে সকল তরুণ খেলোয়াড় উঠে আসছে তারা সময়ের সঙ্গে সঙ্গে ভবিষ্যতে এ কাজটি বেশ ভালভাবেই করবে বলে আত্মবিশ্বাসী ফোর্ড। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি- যেখানে তরুণরা উন্নতি করছে, সিনিয়রদের কাছ থেকে শিখছে। আর দলের ভারসাম্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে যেহেতু তারা সিনিয়রদের সঙ্গেই খেলছে তাই তাদেরও এমন ভাল খেলতে খুব বেশি সময় লাগবে না বলে আশা করছি।’ সাঙ্গাকারার ক্যারিয়ার সেরা ১৬৯ রানের সুবাদে প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলংকা ১৮০ রানের বিশাল ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। এ ম্যাচে জয়াবর্ধনে এবং উপুল থারাঙ্গা করেন যথাক্রমে ৪২ ও ৪৩ রান। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেও শ্রীলংকা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে প্রোটিয়াসদের বিরুদ্ধে ১৭ রানে জয়লাভ করে। ১৯৯৯-২০০২ সাল পর্যন্ত কোচ থাকাকালীন ১১টির মধ্যে ৮ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে জয়ী করানো ফোর্ড বলেন, সফরকারীরা শ্রীলংকার জন্য কতটা ভয়ানক হতে পারে সে সম্পর্কে তিনি সচেতন। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সম্পর্কে আমার চিন্তা-ভাবনা আমি জনগণকে জানাতে চাই না। তবে তারা যে খুবই ওয়ানডে ক্রিকেটে খুবই শক্তিশালী একটা দল সে বিষয়ে আমরা সচেতন। দশ বছর আগের চেয়ে দক্ষিণ আফ্রিকা বিদেশি কন্ডিশনে এখন অনেক ভাল খেলে। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক একটা সিরিজ আমরা আশা করতে পারি। গত ফেব্রুয়ারি মাসে অধিনায়কত্ব গ্রহণের পর থেকে এ্যাঞ্জেলো ম্যাথুজ সুন্দরভাবে দল পরিচালনা করায় খুশি ফোর্ড। তিনি বলেন, ‘অত্যন্ত চমত্কারভাবে সে দায়িত্ব পালন করে আসছে। সত্যিকারার্থেই সে দায়িত্বটা ভালভাবে নিয়েছে এবং একটা দৃষ্টান্তের মতই সে দলকে নেতৃত্ব দিয়ে আসছে। এটা খুবই সহজ ছিল না। তার বেশ কঠিন সময় গেছে। তবে সে সবকিছু ব্যতিক্রমী ভালভাবে সেটা পরিচালনা করে আসছে।’