হার এড়ালো রিয়াল মাদ্রিদ

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:১৬
দুই গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত হার এড়াতে সক্ষম হলো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গতরাতে প্রীতি ম্যাচে অলিম্পিকস লিও’র সাথে ২-২ গোলে ড্র করলো গ্যালাক-টিকোরা। নতুন মৌসুমের আগে নিজেদের ঝালিয়ে নিতে অন্যান্য দলের মত অনুশীলন ম্যাচ খেলছে রিয়াল মাদ্রিদ। সেই সুবাদে ফ্রান্স লিগের দল অলিম্পিকস লিও’র মুখোমুখি হয় সফরকারী রিয়াল। ম্যাচের ২০ মিনিটে রিয়ালকে গোল হজম করিয়ে স্বাগত জানায় লিও। গোলটি করেন মিডফিল্ডার ক্লিমেন্ট গ্রিনাইয়ার। এরপর ম্যাচের স্কোর লাইনে পরিবর্তন আনার জন্য গোলের চেষ্টা করেছে দুই দলই। কিন্তু প্রথমার্ধে আর কোন গোল আদায় করতে পারেনি তারা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে লিও। প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধের শুরুতেও চমক দেখিয়েছে লিও। ৬২ মিনিটে লিসান্দ্রে লোপেজের গোলে ম্যাচে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ফলে ম্যাচে ফেরার জন্য অস্থির হয়ে উঠে রিয়াল। কিন্তু কোন পরিকল্পনাতেই লিও’কে পরাস্ত করতে পারছিলো না পেপে-ওজিল-রোনালদো। তবে বদলি হিসাবে মাঠে নেমে রিয়ালকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন স্ট্রাইকার মোতারা। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন স্প্যানিশ তারকা মোতারা। এরপর ৮৫ মিনিটে কেসমিরোর দেয়া গোলে ম্যাচে সমতা আনে রিয়াল। ফলে ম্যাচের স্কোরলাইন গিয়ে দাঁড়ায় ২-২। শেষ পর্যন্ত ঐ স্কোরলাইন বজায় থাকলে অমীমাংসিতভাবেই শেষ হয় ম্যাচটি।-বাসস