সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ২-০ গোলে পরাজিত হওয়ায় সেমিফাইনালে স্বাগতিক নেপালকে প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশ। এ হারের পর অবশ্য কোচ রেনে কোস্টার জানিয়েছেন, তারা সেমিফাইনালে নেপালকে পেয়ে ভীত নন। বরং নিজেদের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার নেপালের রাজধানী কাঠমান্ডুর আর্মি গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলাটিতে ৪৪ মিনিটে ও ইনজুরি টাইমে গোলদুটি হজম করে বাংলাদেশের ছেলেরা। বেদেশ্বর সিং ও কৃষ্ণ পন্ডিত গোল দুটি করলে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় ভারত। এ জয়ের ফলে গতবারের রানার্স আপ ভারত ২৮ জুলাই আফগানিস্তানের সাথে সেমিফাইনালে খেলবে। বাংলাদেশ ও স্বাগতিক নেপালের খেলাটি হবে আগের দিন ২৭ জুলাই। রেনে কোস্টার আসন্ন লড়াইয়ের ব্যাপারে বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দেব। আমরা লড়াই চালাবো। আমাদের দলে নেপাল, ভারত ও আফগানিস্তানের মতো গুণমান সম্পন্ন খেলোয়াড় নেই। তারপরও আমরা লড়তে প্রস্তুত।’ ডাচ এই কোচ আরো বলেন, ‘একটা বড় দিক হলো নেপালের বিরুদ্ধে আমরা ভীত নই। আমার খেলোয়াড়রা এই চ্যাম্পিয়নশিপ থেকে অনেক কিছু শিখবে। ৫০০০ দর্শকের সামনে খেলাটা হবে আমার খেলোয়াড়দের জন্য বিরাট এক অভিজ্ঞতা।’
