জাতীয় ফুটবল দলের অনুশীলনে এবার ভিন্ন মাত্রা যোগ করলেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। তিনি গতকাল বৃহস্পতিবার ফুটবলারদের নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ সুইমিংপুলের পানিতে দাঁড়িয়ে বিভিন্ন কলাকৌশলে অনুশীলন করান।
এটি মূলত ফিটনেস কোচ ইয়ামালির উদ্ভাবন বলে জানা গেছে। তবে এর বাস্তবায়ন করেন কোচ ক্রুইফ। প্রায় দুই ঘন্টা চলে এই অনুশীলন পর্ব। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য মাসখানেক ধরে অনুশীলন ক্যাম্পে খেলোয়াড়দের ফিটনেস বাড়াতেই আনা হয়েছে আরেক ডাচ ইয়ামালিকে। ক্রুইফের সহকারী রেনে কোস্তার বর্তমানে সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্বরত থাকায় বর্তমানে ফিটনেস কোচকে নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন ক্রুইফ। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বল নিয়ে প্রায় দু’ঘন্টা অনুশীলন করেন ফুটবলাররা। এরপর মধ্যাহ্ন ভোজ সেরে শুরু হয় ‘জলকৌশল’। এর আগে রাজধানীর এক বিপণী বিতানের সুইমিংপুলে অনুশীলন করেছিলেন এমিলি-মিঠুনরা। তবে কালকেরটি ছিল ব্যতিক্রমী। সুইমিংপুলে প্রায় দু’ঘন্টায় ফুটবলাররা পানির মধ্যে সাইক্লিংয়ের মতো করে জগিং করেন।
জাতীয় দলের ফরোয়ার্ড মিঠুন চৌধুরী বলেন, ‘সুইমিংপুলে অনুশীলনের ধারণা আমাদের জন্য নতুন। এটা খুব ভালো হয়েছে। মাঠের অনুশীলনের পর সুইমিং করলে শরীরটা বেশ হালকা হয়, তা পুলে আসার পর বুঝলাম। খুব ভাল লাগছে পুলে অনুশীলন করে’। তার সঙ্গে সুর মেলালেন আরেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলিও। তার কথায়, ‘আমাদের সুইমিং অনুশীলন খুবই ভাল হয়েছে। আগের জাতীয় দলের কোচ ইলিয়েভস্কি কিংবা ডিডোও অনুশীলনে এমন ধারা যুক্ত করেননি। তবে ডিডোর সময়ে কক্সবাজারে আমাদেরকে কন্ডিশনিং ক্যাম্প করানো হয়েছিল, এতটুকুই। তবে এই অনুশীলনের ফলে শরীর বেশ ফুরফুরে লাগছে। শরীরে চাঙ্গাভাব এসেছে।’
