পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়ানডে সিরিজে মিসবাহ উল হকের দারুণ পারফরমেন্সের প্রশংসা করে সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধান নির্বাচক মহসীন হাসান খান বলেছেন, অধিনায়ক হিসেবে মিসবার কোনো বিকল্প পাকিস্তানে নেই। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম শেষ ওয়ানডে ম্যাচে সিরিজ জয়ের পরে পাকিস্তানের ৪ উইকেটের জয়লাভের বিষয়ে মন্তব্য করতে গিয়ে খান বলেন, ‘মিসবাহ প্রমাণ করেছে এ মুহূর্তে সে-ই একমাত্র ব্যক্তি যে কি-না দৃষ্টান্ত স্বরূপ পাকিস্তান জাতীয় দলের নেতৃত্ব দিতে পারে। যারা তার সমালোচনা করছে অবশ্যই তাদের বলা উচিত তার পরিবর্তে এমনভাবে কে দলে নেতৃত্ব দিতে পারে।’ সিরিজে ২৬০ রান করে সিরিজ সেরার পুরস্কার পান মিসবাহ। এ ব্যাপারে মহসিন খান আরো বলেন, ‘মিসবাহকে যারা একজন ভালো ক্রিকেটার হিসেবে মনে করে না, তারা ক্রিকেট বোঝে না।’
