এবারের ঈদে প্রকাশ হতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর ১২তম একক ‘ইচ্ছে হয়’। আগামী ৩০ জুলাই এর মোড়ক উন্মোচন হবে বলে শিল্পী জানান।
মোট ৮টি গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামটি। গানগুলোর শিরোনাম হলো—‘তোমার বুঝতে অনেক দেরি হলো’, ‘আমার মন ভালো নেই বলে, ভালো লাগছে না আজ কিছু’, ‘মাঝে মাঝে অবুঝ বলো, আবার বলো বেশি বুঝি’, ‘এই আমাকে কেন দুঃখ দাও’, ‘মাঝে মাঝে তোমার কথা ভীষণ মনে হয়’, ‘তুমি অনেক ভালো জানো কী করে ভালো থাকতে হয়’, ‘মাঝে মাঝে এমন করো রাখো যে দ্বিধায়’। এই অ্যালবাম প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘গানগুলোর সুর করেছেন নকিব খান ও পিলু খান। পুরো অ্যালবামটির গীতিকবি জুলফিকার রাসেলের লেখা। একেবারেই লাইভ গান গাওয়ার চেষ্টা করেছি। একটা এক্সপেরিমেন্ট করেছি। যা খুবই রিস্কি এক্সপেরিমেন্ট। আমরা অ্যালবামে তো গান অনেক বেশি মসৃণ ও স্মুথ করি। কিন্তু এই অ্যালবামে তা করিনি, আমি লাইভ গাইলে আসলে যা শোনার কথা অথবা একজন শ্রোতার সামনে বসে আমি গাইলে গানগুলো যেমন শোনা যাওয়ার কথা ঠিক তেমনটাই শোনা যাবে। এটা এই মুহূর্তে দরকার বলেও আমি মনে করি।’
