দীর্ঘদিন পর অডিও জগতের ক্ষেত্রে এক অপরিচিত প্রোডাকশনের ব্যানারে বেরিয়েছে বালামের একক অ্যালবাম। বালাম ভক্তদের জন্য এই খবরটি সুখকর হলেও এরই মধ্যে অ্যালবামটি নিয়ে বিতর্কে জড়িয়েছেন শিল্পী। তা হলো বালামের সেলফ টাইটেলড অ্যালবামের সবক’টি গান লিখেছিলেন গীতিকার জাহিদ পিন্টু। কিন্তু সেই অ্যালবাম প্রকাশের মাত্র কয়েকদিন বাদেই গীতকার জাহিদ পিন্টু সাথে দ্বন্দের সূত্রপাত হয়। দুজনই বিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপরে বেশ কয়েকটি অ্যালবামে বালাম গাইলেও খুব একটা আলোচনায় আসতে পারেননি তিনি। দীর্ঘ বিরতির পর আবারও হয়তো আলোচনার প্রত্যাশাতেই বালাম তার জাহিদ পিন্টুর অধিকাংশ গান নিয়ে অ্যালবাম প্রকাশ করেন ঈগল মিউজিকে। কিন্তু এবারে অ্যালবাম রিলিজেই আবারও গীতিকার সুরকার দ্বন্দ্বে জড়িয়ে গেলেন। গীতিকার জাহিদ পিন্টুর অভিযোগ, ‘আমার গান গেয়েই আজ বালাম হয়েছে। এরপর এই অ্যালবামে আমি ৮টি গান লিখার সময় শর্ত ছিল যে পুরো অ্যালবাম রয়্যালিটির ১০ শতাংশ আমার হবে। কিন্তু বালাম আমাকে কোনো পারিশ্রমিক না দিয়েই, কোনো রকম অনুমতি স্বাক্ষর না করেই গানগুলো ব্যবহার করেছে। এমনকি অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর সৌজন্যতাটুকু রক্ষা করেনি।’
অন্যদিকে বালামকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি তাকে জানানোর চেষ্টা করেছি। কিন্তু সে অনুষ্ঠানে না আসলে আমি কী করতে পারি।’
এদিকে বালাম তার কথামতো গানের পারিশ্রমিক ও অনুমতি না নেয়ায় এখন মামলা করবেন বলে জানান। এ ছাড়া বালাম প্রকাশকের কাছে এককালীন অর্থে অ্যালবামটি বিক্রি করেছেন বলে জানা যায়।
