বেলের জন্য রেকর্ড দর চাইলো টটেনহ্যাম

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২০:৩৩
গোল নৈপুণ্যের সুবাদে গ্যারেথ বেল গত মৌসুমের মাঝামাঝি থেকেই আলোচনায় উঠে আসতে থাকেন। সঙ্গত কারণেই এ মৌসুমেই তার বাজার চড়া এবং সর্বশেষ রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াতে দরকষাকষি করে যাচ্ছে। যদিও স্পানিশ জায়ান্টরা বেলের জন্য টটেনহ্যামের হাকানো ১২ কোটি ইউরো দিতে এখনো রাজি নয়। অবশ্য হাকানো দরে রাজি হলে তা হবে ফুটবলে নতুন ট্রান্সফার রেকর্ড। সেক্ষেত্রে রোনালদোর বর্তমান রেকর্ডটি ভেঙ্গে যেতে পারে। স্প্যানিশ পত্রিকা এএস এসব তথ্য জানায়। পত্রিকাটি আরও জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজের পছন্দের তালিকায় সবার আগে আছেন গ্যারেথ বেল। তবে টটেনহ্যাম হটস্পারের সভাপতি ড্যানিয়েল লেভি যে দর চাইছেন তাতে রাজি নন পেরেজ। মাদ্রিদ বরং এর বিপরীতে অন্য একটি প্রস্তাব দিয়েছে। সেটি হলো ওয়েলশ উইঙ্গারকে পেতে তারা আট কোটি ৬০ লাখ ডলার ও আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়াকে দেবে। এই পথটাকেই রিয়ালের জন্য সহজ মনে করা হচ্ছে। কারণ টটেনহ্যাম কোচ আন্দ্রে ভিলাস বোয়াস মারিয়ার খেলার একজন বড় সমর্থক। তাছাড়া বেলকে ছাড়তে হলে তার জায়গায় একজন খেলোয়াড় দরকার হবে এই পর্তুগিজ কোচের। তাই সব মিলিয়ে এই পদ্ধতি দুই দলের জন্যই সহজ হবে। স্পেনের আরেক শীর্ষস্থানীয় পত্রিকা মার্কা অবশ্য দাবি করেছে এর মধ্যে রিয়ালের সাথে চুড়ান্ত কথা হয়ে গেছে বেলের। সব ঠিক থাকলে চলতি মৌসুম থেকেই ছয় বছর মেয়াদে তাকে দেখা যাবে বার্নাব্যুতে। আর সমঝোতা হলে বেল যে প্রক্রিয়াতেই রিয়াল মাদ্রিদে আসুন না কেন, তিনি হতে যাচ্ছেন ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়। এর আগে ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আট কোটি ডলারের বিনিময়ে এই রিয়ালেই আসেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এই অনন্য ইতিহাস গড়ার ক্ষেত্রেও বাঁধা আছে। টটেনহ্যাম হটস্পারও বুঝতে পারছে ২৪ বছর বয়সী বেলের কদর। তাই এই মুহূর্তে তাকে বিক্রির কোন ইচ্ছা নেই দলটির। এজন্য হোয়াইট হার্ট লেনে তার বেতন বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্রিটিশ পত্রিকাগুলো জানিয়েছে, আসছে মৌসুম থেকে প্রতি সপ্তাহে এক লক্ষ ৭০ হাজার ডলার পারিশ্রমিক পেতে যাচ্ছেন বেল। এর আগে গত মাসে বেল জানিয়েছিলেন, স্প্যানিশ ফুটবল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা সত্যিই প্রায় অসম্ভব, ‘সত্যি কথা বলতে কি, আমি অন্য সব কিছু থেকে স্প্যানিশ ফুটবলকে এগিয়ে রাখি। তারা টেকনিক্যালি অনেক ভাল, বলের উপর তার দখল ধরে রাখতে পারে। তাই তাদের বিপক্ষে খেলা যেকোন ইংলিশ দলের জন্যই কঠিন। সব মিলিয়ে স্প্যানিশ ফুটবলই সেরা।’ টটেনহ্যামের হয়ে ৫৩ ম্যাচে ৩০ গোল করা বেলের স্প্যানিশ ফুটবলের প্রতি আগ্রহটা্ এখান থেকেই অনুমান করা যায়। আর এতোদিন অনেকটা গণমাধ্যমকে এড়িয়েই বেলকে নিয়ে আলোচনার কাজ চালালেও সব ফাঁস হয়ে যাবার পর আর কোন কিছু লুকানোর চেষ্টা করলেন না স্পার্স কোচ ভিলাস বোয়াস। গত শুক্রবার দুদলের মধ্যে বেলকে নিয়ে আলোচনার কথা স্বীকার করে কোচ বলেন, ‘হ্যা, আমাদের ক্লাব ও তার এজেন্টের মধ্যে এই ব্যাপারে আলোচনা চলছে। তবে আলোচনার মানে এই নয় যে তার সাথে এরই মধ্যে অন্য কোন দল চুক্তি করে ফেলেছে।’ এই অবস্থা থেকেও বেলকে টটেনহ্যামেই রাখার ব্যাপারে আশাবাদী ভিলাস বোয়াস, ‘এই মুহূর্তে আমরা যথেষ্ট আশাবাদী। আমাদের সাথে বেলের চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি। গত বছরই তার সাথে চুক্তি নবায়ন করা হয়। হ্যা, এটা সত্যি যে আমাদের কিছু ব্যাপারে এখনও আলোচনা করতে হচ্ছে। আর সেই আলোচনায় এখন পর্যন্ত কোন অগ্রগতি আসেনি।’এদিকে টটেনহ্যাম হটস্পারের আরেক মিডফিল্ডার জিলফি সিগার্ডসনও বেলের ব্যাপারে আশাবাদী, ‘আমাদের ক্লাবের জন্য বেল অনেক বড় এক ব্যাপার। তার মতো একজন খেলোয়াড়ের দলে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আর টটেনহ্যাম যথেষ্ট বড় ক্লাব। আর আশা করবো বেল এই ক্লাবেই থাকবে।’