হোসে মরিনহোর বিশ্বাস, ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদেই থাকবেন এবং ম্যানচেস্টার ইউনাইটেডে যাবেন না। পর্তুগীজ এই ম্যানেজার জানান, তার সাথে খেলোয়াড়টির কোন যোগাযোগ হয়নি। তিনি কেবল নিজের অনুভূতি থেকে এমনটি মনে করছেন।
চেলসিতে দ্বিতীয়বারের মতো ম্যানেজার হিসাবে যোগ দেয়া মরিনহো বলেন, ‘আমি যা জানি তা হলো, মাদ্রিদ এমন একটা বড় ক্লাব তাদের খেলোয়াড়টিকে বিক্রির দরকার পড়ে না। এটা এতটাই ধনী ক্লাব যে, আমি মনে করি তারা রোনালদোর জন্য দেয়া যেকোন প্রস্তাবকে গিলে ফেলতে পারবে। আমি জানি রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডকে ও প্রিমিয়ার লিগকে ভালবাসে। তারপরও আমি মনে করি, সে সেখানেই থেকে যাবে। এটা আমার একটা অনুভূতি, কেননা তার সাথে আমার কোন যোগাযোগ নেই।’ ম্যানচেস্টার ইউনাইটেড আশা করছে তারা রোনালদোকে ফিরিয়ে আনতে পারবে। যদিও মাদ্রিদের সাথে তার চুক্তি আছে ২০১৫ সাল পর্যন্ত। আবার মাদ্রিদের ক্লাবটিও মনে করে তারা পর্তুগীজ খেলোয়াড়টিকে রেখে দিতে পারবে।-মার্কাডটকম
