উখিয়ায় বিষাক্ত কলা বাণিজ্য আশংকাজনকভাবে বেড়েছে। রমজানে কলার প্রচুর চাহিদাকে পুঁজি করে কতিপয় অসাধু আড়তদার কাঁচা কলা মজুদ করছে। পরে তা বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো হয়। এ কলা খুচরা ব্যবসায়ীরা বাজারজাত করলেও দেখার বা বলার কেউ নেই। চিকিত্সকরা বলছেন, এসব কলা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। জানা গেছে, রংপুর জেলার বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে সাগর কলা উত্পাদন হয়।
উত্পাদিত এসব কলা স্থানীয়ভাবে চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে চালান হয়ে থাকে। রমজানে কলার চাহিদা বেড়ে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা কলার সরবরাহ এনে তাদের গুদামে মজুদ করছে আর কৃত্রিম উপায়ে ঐসব কাঁচা কলা পাকিয়ে বাজারজাত করছে। মরিচ্যা বাজারের ব্যবসায়ী আব্দুল হালিম (৫০) জানান, মোটা পলিথিন দিয়ে ঢেকে রাখলে এক রাতে কলা পেকে যায়। কোন প্রকার ওষুধ জাতীয় পদার্থ মিশানো হয় কিনা জানতে চাওয়া হলে সে অস্বীকার করেন। তার আড়তের পাশে অন্য একটি আড়তে দেখা যায় ড্রামভর্তি বিষাক্ত রাসায়নিক পদার্থে কাঁচা কলা চুবানো হচ্ছে।
জানতে চাওয়া হলে আড়তদার সোলতান (৪৫) জানান, লবণাক্ত পানি দিয়ে কলা পাকানোর চেষ্টা করা হচ্ছে। মূলত ক্ষেতে পোকামাকড় দমনে ব্যবহূত রাইপেন নামক এক প্রকার বিষাক্ত ওষুধ মেশানো হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, কলায় রাসায়নিক পদার্থ মেশানো বন্ধে শিগগিরই কার্যকরি ব্যবস্থা নেয়া হবে।
