চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুর গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনায় প্যারামেডিকেলের ছাত্র বকুলসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত বকুল রাত ৩টায় মারা যায়।
সূত্র জানায়, শাহপুর গ্রামের ফজর আলীর ছেলে প্যারামেডিকেলের ছাত্র বকুল হোসেন (১৯) গত বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের একটি মুদি দোকানে অন্যদের সাথে বসে ছিলেন। এ সময় এক প্রতিবেশি তুচ্ছ বিষয় নিয়ে বকুলের সাথে বিতর্কে জড়ায়। এক পর্যায়ে ঐ প্রতিবেশি বকুলের মাথা ফাটিয়ে দেয়।
এ সময় বকুলের পিতা ফজর আলী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে ইয়াজুদ্দিন নামের আরেকজন আহত হন। আহত অবস্থায় বকুল ও তার পিতা ফজর আলীকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে রাজশাহীতে স্থানান্তর করা হয়। ফজর আলীকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান মুন্সি জানান, সামান্য বিষয় নিয়ে এ ঘটনা ঘটে। ময়না তদন্ত শেষে লাশ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
