নওগাঁর ধামইরহাটে কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা ও বাসুদেব মন্দিরে হামলা চালিয়ে ১০টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ধামইরহাট থানার মাত্র ২শ গজ দূরে এ ঘটনাটি ঘটে। মন্দির কমিটির সভাপতি বিমল কর্মকার জানান, বৃহস্পতিবার রাত ৩টায় অনেকগুলো কুকুর মন্দিরের সামনে দীর্ঘ সময় ধরে শব্দ করে দুর্বৃত্তদের ধাওয়া করে। তখন বিষয়টি বোঝা যায়নি। গতকাল শুক্রবার সকালে প্রতিদিনের ন্যায় পূজা করার জন্য দুর্গা মন্দিরে গেলে লক্ষ্মী-সরস্বতী প্রতিমা ভাংচুর অবস্থায় দেখতে পাওয়া যায়। একই সময় বাসুদেব মন্দিরে গিয়ে রাধা-গোবিন্দ, পঞ্চদত্ত ও গোপালসহ মোট ৬টি প্রতিমা ভাংচুর অবস্থায় দেখতে পাওয়া যায়। সংবাদ পেয়ে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা খাতুন, পৌর মেয়র আমিনুর রহমান ও ওসি একরামুল হক ভাংচুরকৃত মন্দির পরিদর্শন করেন। তবে ওসি একরামুল হক ৬টি প্রতিমা ভাংচুরের সত্যতা স্বীকার করেন।
