নোয়াখালীতে জামায়াত-শিবিরের ২৮২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২১:১৭
নোয়াখালী জেলা শহর মাইজদীতে গাড়ি ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে জামায়াত-শিবিরের ২৮২ নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সুধারাম মডেল থানার এসআই চিরঞ্জিত দাস বাদী হয়ে মামলা দুটি করেন। মামলায় বৃহস্পতিবার পুলিশ-জামায়াত সংঘর্ষের পর আটক ৪ জনসহ ৩২ জনকে এজহারভুক্ত এবং অপর ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। সুধারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক জানান, মামলা দায়েরের পর গতকাল শুক্রবার গ্রেফতারকৃত চারজনকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।