নাটোর বগুড়া মহাসড়কে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। সংস্কারের নামে যত্রতত্র কাজের কারণে নাটোর ও বগুড়া মহাসড়কের প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
নাটোর থেকে সিংড়া পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা কিছুটা ভালো থাকলেও বাকিটুকু রাস্তার পুরোপুরি খানা খন্দকে পরিপূর্ণ। তাছাড়া সিংড়া ব্রিজ, ব্রিজের পূর্বপার্শ্ব ও পশ্চিমপার্শ্বের রাস্তা খুব একটা ধীরগতিতে নষ্ট না হলেও সংস্কারের প্রয়োজন মনে করছে না কর্তৃপক্ষ। বিশেষ করে সিংড়া বাসস্ট্যান্ড হতে জামতলী বাজার পর্যন্ত সড়কের যে বেহাল দশা তা দেখার মত নেই কোন কর্মকর্তা। এখানে নিত্যদিন ঘটছে নানা মানুষের প্রাণহানি। চালকরা যেমন তাদের পেটের দায়ে গাড়ি চালাচ্ছে তেমনি মৃত্যুর ঝুঁকি নিয়ে যাত্রীদের চলাচল করতে হচ্ছে। আর প্রায় ৪০ কিলোমিটার রাস্তা পার হলে যেন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে সবাই। প্রতিদিন প্রায় হাজার হাজার বাস, ট্রাক, মাইক্রো, পিকআপ চলাচল করছে এ প্রধান সড়কটি দিয়ে। ঘটছে দুর্ঘটনা তবুও থেমে নেই রাস্তায় চলাচল। যাত্রীদের ভোগান্তি বাড়ছে।
