পিসিবিকে শোয়েবের পরামর্শ

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২১:৪৯
বিতর্কিত ফাস্ট বোলার শোয়েব আখতার পাকিস্তানী ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার নীতি অবলম্বনের পরামর্শ দিলেন। এছাড়া খেলাটির প্রতি খেলোয়াড়দের মনোভাবের যথেষ্ট পরিবর্তন আনা দরকার বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় এবং ঘরোয়া ক্রিকেটারদের বেতন ভাতা বাড়ানোর পরামর্শ দিলেও সাবেক এই পেসার খেলোয়াড়দের জবাবদিহিতাও বাড়ানোর দিকে জোর দেন। শোয়েব আখতার গত বুধবার ইসলামাবাদে টেলিভিশন চ্যানেল জিও নিউজকে বলেন, ‘আমি মনে করি খেলোয়াড়দের দেয়া অর্থের পরিমাণ আরো বাড়ানো দরকার। এতে অন্যায় কিছু নেই কারণ খেলোয়াড়দের কল্যাণেই ক্রিকেট বোর্ড অর্থ আয় করে। তবে এ জন্য খেলোয়াড়দেরও অবশ্যই তাদের পারফরমেন্সের ব্যাপারে জবাব দিহিতা থাকতে হবে এবং কোন খেলোয়াড় যদি তার জন্য নির্দিষ্ট মানের পারফরমেন্স করতে না পারে কেন্দ্রীয় চুক্তির পরবর্তী ধাপে তাকে অবনমন করা উচিত।’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মত বিদেশি টি-টোয়েন্টি লিগগুলোর কারণে ক্রিকেটে বিপুল পরিমাণ অর্থ আসছে এ ক্ষেত্রে খেলোয়াড়রা বিকল্প হিসেবে এসব টুর্নামেন্টের প্রতি আকৃষ্ট হতে পারে বলেও ধারণা করছেন তিনি। তিনি বলেন, ‘এটা ঘটতে পারে। কেননা কোন খেলোয়াড় যদি কোন টি-টোয়েন্টি লিগে কোন দলের সাথে ৩-৪ বছরের চুক্তি করতে পারে তবে সে তার ভবিষ্যত্ নিয়ে চিন্তা করবে। আর তাহলে তিন ফরম্যাটেই ঐ খেলোয়াড় ওই সময় পর্যন্ত খেলা অব্যাহত রাখতে পারবে।’ সাবেক এই গতি তারকা আরও বলেন, ‘বর্তমান সময়ে এমন অনেক উদাহরণ আছে যে, অনেক শীর্ষ খেলোয়াড় তাদের ক্যারিয়ার দির্ঘায়িত করতে অন্যান্য ফরম্যাট বাদ দেয় এবং কেবলমাত্র টি-টোয়েন্টির দিকেই নজর দেয়।’ তিনি আরও বলেন, ‘এখন ক্রিকেটে প্রচুর অর্থ এবং এ জন্যই আমি বিস্মিত হই যে অর্থ আয়ের জন্য মোহাম্মদ আমিরের মত মেধাবী এক ক্রিকেটার কেন ভুল পথে হাঁটতে হবে। সে কেবল আইপিএলে একটা সুযোগ পেলে কিংবা ইংলিশ কাউন্টি একটা দলের সঙ্গে চুক্তি করতে পারলেই অনেক বেশি অর্থ আয় করতে পারত।’ তবে শোয়েব আখতার মনে করেন খেলোয়াড়দের মনোভাবে পরিবর্তন আনা এবং খেলাটির প্রতি আরো ইতিবাচক ও আক্রমণাত্মক হওয়া দরকার, ‘মানুষ এখন আক্রমণাত্মক ক্রিকেট দেখতে চায়। আগ্রাসী এবং আক্রমণাত্মক ক্রিকেট না খেললে তুমি শীর্ষ ক্রিকেটে টিকে থাকতে পারবে না। আমার কাছে মনে হয় পাকিস্তানের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলটি খুবই শক্তিশালী কিন্তু তাদের দরকার কেবলমাত্র খেলাটির প্রতি তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন।’ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ না হলেও ৪-১ ব্যবধানে পাকিস্তান সিরিজ জয় না করতে পারায় তিনি হতাশ বলেও উল্লেখ করেন। তিনি বলেন, ‘ভাল দলগুলো এমন ধরনের সুযোগ নষ্ট করে না। তাদেরকে আমাদের হোয়াইটওয়াশ করা উচিত ছিল কারণ তাদের চেয়ে আমরা অনেক ভাল দল। আমরা যদি দুর্বল দলগুলোকে গুঁড়িয়ে না দিতে পারি তবে বিশ্বের শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে আমরা ভাল কিছু করার আশা করতে পারি না।’ কেবল ভাল পদ্ধতির কারণেই শীর্ষ মেধাবী এবং অপরাজেয় একটা দল সৃষ্টি করে না বলেও উল্লে¬খ করেন তিনি। রাওয়াল পিন্ডি এক্সপ্রেস খ্যাত এই বোলার আরও বলেন, ‘অস্ট্রেলিয়ায় এখনো ভাল ক্রিকেট পদ্ধতি চালু আছে। কিন্তু মুহূর্তের মধ্যেই তারা ছয় থেকে সাত জন শীর্ষ খেলোয়াড়কে হারিয়েছে। দেখুন তারা আজ কোন অবস্থায় আছে । এমনকি ভারত এখন খুবই ভাল করছে কারণ তাদের ভাল মানসম্মত অনেক খেলোয়াড় আছে।’ প্রায় ১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ৪৬টি টেস্ট খেলে ১৭৮টি উইকেট পান শোয়েব। এছাড়া ১৬৩টি ওয়ানডেতে তার উইকেট ২৪৭টি। এর বাদেও ১৫ টি টি-টোয়েন্টি খেলে ১৯টি উইকেট দখল করেন তিনি। -বাসস