বাংলাদেশ দল সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে আজ শনিবার স্বাগতিক নেপালের মোকাবেলা করবে।
গত বৃহস্পতিবার গ্রুপ পর্বে ভারতের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনালে নেপালকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ। এ হারের পর অবশ্য বাংলাদেশ কোচ রেনে কোস্টার জানিয়েছিলেন তার দল নেপালকে পেয়ে ভীত নয়। বরং বাঘের মতো লড়াই করে নিজেদের সেরাটা দেবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
যদিও নেপাল একই দিনে অনুষ্ঠিত খেলায় প্রথম আসরের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে যোগ দেয়। পাকিস্তান এবার এ গ্রুপের বৈতরণীই পার হতে পারেনি। নেপাল কোচ বাল গোপাল মহারজন খেলাটির পর বলেছিলেন, ‘আজকের (বৃহস্পতিবার) খেলা প্রমাণ করলো ছেলেরা যে কোন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে। টুর্নামেন্টে নিয়মিত গোল করার মধ্য দিয়ে প্রমাণ হলো এই দলটি আক্রমণকে পরিপূর্ণতা দিতে পারে।’
ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে আগামীকালকে সেমিফাইনালে আফগানিস্তানের সাথে খেলবে। গতবারের আসরে ভারত পাকিস্তানের কাছে হেরে রানার্স আপ হয়েছিল।
রেনে কোস্টার আসন্ন লড়াইয়ের ব্যাপারে বলেন, ‘আমরা নিজেদের সেরাটা দেব। আমরা লড়াই চালাবো। আমরা বাঘের মতো চড়াও হবো। আমাদের দলে নেপাল, ভারত ও আফগানিস্তানের মতো গুণমান সম্পন্ন খেলোয়াড় নেই। তারপরও আমরা লড়তে প্রস্তুত।’
ডাচ এই কোচ আরো বলেন, ‘একটা বড় দিক হলো নেপালের বিরুদ্ধে আমরা ভীত নই। আমার খেলোয়াড়রা এই চ্যাম্পিয়নশিপ থেকে অনেক কিছু শিখবে। ৫০০০ দর্শকের সামনে খেলাটা হবে আমার খেলোয়াড়দের জন্য বিরাট এক অভিজ্ঞতা। এ জন্য অবশ্য খেলোয়াড়দের খেলাটি উপভোগ করতে হবে।’
