মাদক কেলেঙ্কারি ভুলিয়ে দিতে বদ্ধপরিকর বোল্ট

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২১:৫২
বিশ্বের দ্রূততম মানব উসাইন বোল্ট বলেছেন, ক্রীড়াক্ষেত্রে মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবেন তিনি। তার স্বদেশী জ্যামাইকান আসাফা পাওয়েল ও শ্যারোন সিম্পসন এবং আমেরিকার টাইসন গে সমপ্রতি মাদক পরীক্ষায় ধরা পড়ার পর লন্ডনে দৌড়াতে এসে এ কথা বলেন বোল্ট। লন্ডন অলিম্পিকের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিতে বোল্ট এখন লন্ডনে। গত রাতে তার ১০০ মিটারে দৌড়ানোর কথা ছিল। এই প্রতিযোগিতা আজ শেষ হবে। জ্যামাইকান এই স্প্রিন্টার গত কয়েক বছর ধরেই অ্যাথলেটিক্স বিশ্ব শাসন করে চলেছেন। বেইজিং অলিম্পিকে অবিশ্বাস্য এই দৌড়ে ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ জেতার পর বোল্টের পারফরম্যান্সে অনেকেই খুঁজেছিলেন মাদকের প্রভাব। তবে এরপর নতুন রেকর্ড গড়ে জেতেন ২০০ মিটারও। এরপর গত কয়েক বছরে শুধু নিজেকেই ছাড়িয়েছেন তিনি। সর্বকালের সেরা স্প্রিন্টার হিসেবে এরই মধ্যে তাকে মেনে নিয়েছেন অনেকেই। প্রমাণ করেছেন মাদক ছাড়াও অসাধারণ কিছু করা সম্ভব। আর বারবারই মাদকের কারণে কলঙ্কিত অ্যাথলেটিক্সের প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে আবারো সে ধরনের কিছুই করতে চান তিনি। অলিম্পিকে ছয়টি স্বর্ণ পদক জয়ী বোল্ট বলেন, ‘দেশ এবং অ্যাথলেটিক্সকে সাহায্য করতে হলে এই মুহূর্তে আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। আমি এখন আগের চেয়ে অনেক বেশি মনোযোগী এবং ভালো করতে বদ্ধপরিকর। আমি মানুষকে অনুপ্রাণিত করতে চাই এবং তাদেরকে দেখাতে চাই এটা আসলেই সম্ভব।’ তার পারফরম্যান্সের উপর মাদকের কোন প্রভাব নেই দাবি করে তিনি আরো বলেন, ‘আমি পরিষ্কার আছি তবে এই সময়ে একজন অ্যাথলেট হিসেবে আপনাকে সবসময়ই সতর্ক থাকতে হবে। কারণ এখন নিষিদ্ধের (মাদক) তালিকায় অনেক কিছুই যুক্ত করা হয়েছে। আপনাকে তাই সবসময়ই এসব বিষয়ে জানতে হবে। এটা একটু কঠিনই বটে। তাই এক্ষেত্রে একটা দলের সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে।’ ১০০ এবং ২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডধারী তারকাটি আরো বলেন, ‘আমাকে সবসময়ই পরীক্ষার সম্মুখীন হতে হয়। গত মঙ্গলবারও আমাকে একটা পরীক্ষা দিতে হয়েছে। এটা নিয়মের একটা অংশে পরিণত হয়েছে।’ নিজের বক্তব্যের স্বপক্ষে বোল্ট জুনিয়র পর্যায়ে নিজের সাফল্যের কথা তুলে ধরে বলেন, ‘ভাঙ্গার মতো যতগুলো রেকর্ড ছিল বেড়ে ওঠার পথে তার সবগুলোই আমি ভেঙ্গেছি। তাই বিশ্বরেকর্ডগুলো ভাঙ্গতে পেরে আমি মোটেই বিষ্মিত নই। কারণ এই একই কাজ আমি জুনিয়র পর্যায় থেকেই করছি। আমি শুধু মানুষকে বলতে চাই ‘এটাই আমি’। আমি জোরে দৌড়াই কারণ আমার প্রতিভা আছে। আর আমাকে পৃথিবীতে পাঠানোই হয়েছে মানুষকে অনুপ্রাণিত করতে।’ ইউএস অ্যান্টি-ডোপিং এজেন্সি সমপ্রতি বর্তমান বিশ্বের অন্যতম সেরা তিন অ্যাথলেটের মাদক পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হবার তথ্য উন্মোচন করে। সেখানে বলা হয়, এবছরের দ্রুততম মানব গে গত মে মাসে নেয়া এক নমুনায় পজিটিভ প্রমাণিত হয়েছেন। অবশ্য এই নমুনা নেয়ার সময়কালে তিনি কোন প্রতিযোগিতায় অংশ নেননি। অন্যদিকে পাওয়েল এবং সিম্পসন জ্যামাইকান চ্যাম্পিয়নশিপ চলাকালীন সময়ে পরিচালিত ড্রাগ টেস্টে উত্রাতে ব্যর্থ হন। পাওয়েলের নিষিদ্ধ মাদক ওক্সিওলফ্রিন গ্রহণের বিষয়টিকে দেশ এবং খেলাটার প্রতি বিশাল এক ধাক্কা আখ্যায়িত করে বোল্ট বলেন, ‘আমি তাকে প্রশ্নবানে জর্জরিত করতে চাই না। আমি তাকে বলেছি, যেটা ঘটেছে সেটা শুনে আমি হতাশ। এটা আসলেই কঠিন একটা সময়।’ গে এবং পাওয়েল দুজনই পরবর্তী নমুনার ফলাফল জানতে অপেক্ষমাণ। তাই এখনই সবকিছু শেষ হয়ে যায়নি বলেই মনে করছেন বোল্ট। বোল্ট বলেন, ‘আলোচনার সময় শেষ হয়ে যায়নি। এটা অ্যাথলেটিকসকে কিছুটা হলেও পেছনে ঠেলে দেবে। তবে একজন খেলোয়াড় হিসেবে আমি এই বিষয়ে মনোযোগ দিতে পারি না। আমার সামনে এখন বিশ্বচ্যাম্পিয়নশিপ। সবাই তাদের খেলাটাকে সামনে নিয়ে যাচ্ছে। তাই আমাকে এখন খেলায় মনোযোগী হতে হবে।’ তার পারফরম্যান্সই মানুষকে মাদক কেলেঙ্কারির কথা ভুলিয়ে দিতে পারে জানিয়ে বোল্ট আরো বলেন, ‘আমি খুব জোরে দৌড়াতে চেষ্টা করছি। কঠোর পরিশ্রমও করছি। আশা করছি আমার পারফরম্যান্স মানুষকে মাদকের বিষয়টি ভুলিয়ে দিতে পারবে।’