আমেরিকায় চালু হচ্ছে বাংলা টিভি টিবিএন টোয়েন্টিফোর

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ১৯:৩১
টিবিএন টোয়ান্টিফোর নামে আমেরিকায় নতুন একটি বাংলা টেলিভিশন চ্যানেল চালু হতে যাচ্ছে। চ্যানেলটি হবে আমেরিকার মূলধারার প্রথম বাংলা ভাষার চ্যানেল। গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের কুইন্সে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টোটাল ব্রডকাস্টিং নেটওয়ার্ক-টিবিএন কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। সেইসাথে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে একই নেটওয়ার্কের ‘টিবিএন ওয়েদার’ নামে একটি চ্যানেল। যুক্তরাষ্ট্রের আবহাওয়ার প্রতিমুহূর্তের খবরাখবর দর্শকরা জানতে পারবেন এই চ্যানেলটিতে। সুইচ টিপে টিবিএন ওয়েদার-এর আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন করেন প্রবাসে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ। পরে তথ্য ও বিনোদন চ্যানেল টিবিএন টোয়ান্টিফোর-এর লোগো উন্মোচন করেন বিশিষ্ট সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়। টিবিএন টোয়ান্টিফোরের ওয়েব সাইটের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন। অনুষ্ঠানে টিবিএন স্পোর্টস চ্যানেলের লোগো উন্মোচন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা নায়ক রিয়াজ। অনুষ্ঠানে টোটাল ব্রডকাস্টিং নেটওয়ার্কের চিফ এক্সিকিউটিভ অফিসার-সিইও আহমদুল বারোভূইয়া পুলক জানান, টিবিএন টোয়ান্টিফোর এবং টিবিএন স্পোর্টসসহ খুব শিগগিরই টিবিএন সিনেমা এবং টিবিএন মিউজিক নামে আরও দুইটি চ্যানেল চালুর প্রস্তুতি চলছে। টিবিএন-এর এক্সিকিউটিভ এডিটর হাসানুজ্জামান সাকী জানান, নতুন প্রজন্মকে বাংলা ভাষার প্রতি উদ্বুদ্ধ করাই এই চ্যানেলটির লক্ষ্য। চ্যানেলটিতে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা ও বিনোদনের খবরাখবর বেশি প্রাধান্য পাবে। এ জন্য বাংলাভাষার পাশাপাশি কোনো কোনো অনুষ্ঠান ইংরেজিতে প্রচারিত হবে। এ উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদকসহ নিউ ইয়র্কে বসবাসকারী বিটিভির সাবেক অনুষ্ঠান প্রধান রিয়াজ উদ্দিন বাদশা, অভিনেত্রী লুত্ফুন নাহার লতা, রওশন আরা হোসেন, রেখা আহমেদ এবং মডেল ও নৃত্যশিল্পী মাশফিকা খান তিনা (নায়ক রিয়াজের স্ত্রী)-সহ শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন।